ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল এবং সংযুক্ত সাত ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে দায়ের মামলার নবম সাক্ষীকে জেরা রোবার শেষ করেছে আসামিরা।
সংযুক্ত ব্যাটালিয়নগুলো হলো ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়ন।
দশম সাক্ষীর সাক্ষ্য শেষে তাকে ১২ জন আসামির পাঁচজন জেরা করার পরপরই আদালত সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মূলতবি ঘোষণা করা হয়।
এই মামলার ৫০ জনের বেশি সাক্ষী আছে বলে আদালতের কার্যক্রম শেষে সাংবাদিকদের জানান মামলার প্রসিকিউটার লে. কর্নেল সামছুর রহমান।
সর্বশেষ ১১ নভেম্বর পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এ মামলার শুনানি অল্প সময়ের জন্য হওয়ার পর ২৮ নভেম্বর (রোববার) পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে আদালত মুলতবি ঘোষণা করা হয়। এ মামলায় সেদিন পর্যন্ত আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং তাদের সাতজনের জেরা সম্পন্ন হয়।
রোববার সকাল সোয়া ১০টার দিকে আদালত বসার পর অষ্টম সাক্ষীকে জেরা করা শুরু করেন আসামিরা। তাকে জেরা শেষে নবম সাক্ষীর সাক্ষগ্রহণ হয়। এরপর বেলা সোয়া ১১টার দিকে আদালত সাময়িক মূলতবি ঘোষণা করা হয়।
পুনরায় আদালত বসার পর নবম সাক্ষীকে জেরা করেন আসামিরা। এরপর দশম সাক্ষীর সাক্ষগ্রহণ হয়। আরেকবার বিরতির পর তাকে মোট ৫জন আসামি জেরা শেষে রোববার দুপুর পৌনে ২টার দিকে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আদালত মূলতবি ঘোষণা করা হয়।
নবম সাক্ষী ১৭ জন এবং দশম সাক্ষী ১২ জন আসামির বিরুদ্ধে সাক্ষ দেন।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দেন।
এই মামলার আসামিদের মধ্যে মোট ২৯ জন তাদের দোষ স্বীকার করেছেন। এছাড়া ৬৬৭ জন আসামির মধ্যে ১৫৮ জন সিআইডি'র করা মামলার চার্জশিটভুক্ত আসামি।
রোববার আদালত শেষে এক সংবাদ ব্রিফ্রিং'এ প্রসিকিউটার সামছুর রহমান জানান, পিলখানার কেন্দ্রীয় অস্ত্রাগার ভাংচুর, অস্ত্র লুট এবং একই দিনে সেক্টর ম্যাগাজিন বা গোলাবারুদ গুদাম অবৈধ দখল নিয়ে গোলাবারুদ লুট করার বিষয়ে আদালতে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন সাক্ষীরা।
সংবাদ ব্রিফ্রিংয়ে সাক্ষী সিপাহী রিপন কুমার বিশ্বাস জানান, বিদ্রোহীরা এক ঘণ্টার মধ্যে অস্ত্রাগার লুট করে। অস্ত্রাগারে প্রায় সাড়ে চার হাজার অস্ত্র ছিলো। তাছাড়া কয়েকজন বিদ্রোহী সেনা কর্মকর্তার স্ত্রীসহ কয়েকজন মহিলার সঙ্গে অপমানজনক আচরণ করে। কয়েকজন সেনাকর্মকর্তাসহ অধিকাংশ সেনাকর্মকর্তার পরিবারের সদস্যদের ধরে এনে কোয়াটার গার্ডে গাদাগাদি করে রাখা হয়েছিল।
রিপন দাবি করেন তিনি একাই কোয়ার্টার গার্ড এলাকায় অবস্থানের সময় বিদ্রোহীদের দমনের চেষ্টা করেন। এসময় এক বিদ্রোহীর সঙ্গে তার ধস্তাধস্তি হয়।
গত বছর ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার সূত্রপাত হয়। পরের দিন পর্যন্ত এ বিদ্রোহ অব্যাহত থাকে।
২৪ রাইফেল ব্যাটালিয়ন এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে গত বছরের ৩১ মার্চ বিদ্রোহের এ মামলা করেন সুবেদার মো. মতিউর রহমান। মামলার এক নম্বর সাক্ষীও তিনি।
বিদ্রোহের এ মামলায় গত ২৬ জুন অভিযোগ গঠন করা হয়। মাঝে এক আসামি মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে এই মামলার বিচার বিশেষ আদালত-৫ এ চলছিলো। আদালত পুনর্গঠনের পর তা এখন বিশেষ আদালত-৭ এ চলছে।
বিদ্রোহের অভিযোগে সারাদেশে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে ও সুনামগঞ্জে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রচলতি আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/পিডি/২১৩৯ ঘ.
bdnews24