রাঙামাটি, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় রাঙামাটির ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়েছে।
রোববার রাঙামাটি বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫ তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে।
সকাল ১০টায় আদালতের কাজ শুরু হয়। চলে ১১টা পর্যন্ত। এরপর আগামীকাল সোমবার সকাল ১০টা পর্ষন্ত আদালত মুলতবি করা হয়।
প্রসিকিউটর ও ১৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সাংবাদিকদের জানান, বরকল উপজেলার ছোট হরিনায় অবস্থিত ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জওয়ানদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালত আমলে নিয়েছে।
তাদের আগামীকাল আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্তদের মধ্যে ১৩ জওয়ান বর্তমানে কারাগারে আছেন। বাকি ১০ জওয়ানকে ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে।
এদের মধ্যে আছেন- একজন জেসিও (জুনিয়র কমিশন অফিসার), চারজন হাবিলদার, পাঁচজন নায়েক, পাঁচজন ল্যান্স নায়েক এবং আটজন সিপাহী।
আদালতে বিচারক প্যানেলের নেতৃত্ব দেন বিডিআর চট্টগ্রাম সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান।
অন্য সদস্যরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুর নুর ও মেজর মোস্তফা আল মামুন।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে কর্মরত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন এই বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের অনেক জওয়ান।
এই ঘটনায় করা বিদ্রোহের মামলায় অন্তত সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে গত বছর সরকার গঠিত বিডিআর'র বিশেষ আদালতে।
এর মধ্যে পঞ্চগড়, ঠাকুগাঁও, সাতক্ষীরা, ফেনীসহ কয়েকটি আদালতে বেশ কয়েকজন জওয়ানের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.
bdnews24