ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ আদালতে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়ে চাকরিতে পুনর্বহালের আবেদন জানানো চার বিডিআর সদস্যই বলছেন তারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চাওয়া সিপাহী শরীফ জাহাঙ্গীর আলম পিলখানায় বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৮ এ বৃহস্পতিবার বলেন, তার বাবা বাক প্রতিবন্ধী। নিজের স্ত্রী ও দুই সন্তান ছাড়াও সংসারে দুজন বোনে রয়েছে তার।
বিশেষ আদালত-৮ এ বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের এক মামলার ৬২২ আসামির বিচার চলছে। বৃহস্পতিবার ১৩ রাইফেল ব্যাটালিয়নের চার সদস্য দোষ স্বীকার করে মাফ চেয়েছেন।
সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দাবি করে শরীফ আদালতকে জানান, আট বছর ধরে তিনি বিডিআরে চাকরি করেন। বিদ্রোহের দিন দরবার হল থেকে অন্যদের ধাক্কায় বের হতে হয়েছে তাকে। এরপর তিনি সরাসরি তার নিজস্ব ১৩ রাইফেল ব্যাটালিয়নে চলে যান বলে জানান তিনি।
শরীফ বিডিআর'র তৎকালীন মহাপরিচালকের দরবার হল ত্যাগ না করার নির্দেশ অমান্য করার কথা স্বীকার করে এজন্য আদালতের কাছে ক্ষমা চেয়ে চাকরি ফেরত চেয়েছেন।
দোষ স্বীকার করে অনুকম্পা চাওয়া আরেক বিডিআর সদস্য সিপাহী সাইফুল ইসলাম বিদ্রোহ শুরুর দিন ২৫ ফেব্র"য়ারি নিজ ইচ্ছার বিরুদ্ধে দরবার হল ত্যাগ করতে বাধ্য হন বলে বৃহস্পতিবার আদালতকে জানান। তবে দরবার হলে থেকে বিদ্রোহীদের প্রতিহত করা তার মূল দায়িত্ব ছিল বলেও স্বীকার করেন তিনি।
এই প্রতিহত করতে না পারার কারণে নিজেকে দোষী দাবি করে ক্ষমা চেয়ে সাইফুল বলেন, "ওই পরিস্থিতিতে দরবার হল ত্যাগ করতে আমি বাধ্য হয়েছিলাম।"
সিপাহি ইশতিয়াক উদ্দিনও আদালতের কাছে নিজের দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছেন।
ইশতিয়াক বলেন, "আমি একজন নবীন সৈনিক। সেদিন প্রতিহত করা আমার দায়িত্ব ছিলো। কিন্তু নবীন হিসাবে কী করতে হবে সেটা বুঝতে পারিনি।"
মা আর ছোট ভাইকে নিয়ে তার পিতৃহীন সংসার বলে জানান ইশতিয়াক। আদালতেক তিনি জানান, সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চাকরি চলে গেলে তার মা-ভাইকে ভিক্ষার ঝুলি হাতে নিতে হবে।
ইশতিয়াক অভিযুক্তের তালিকা থেকে তার নাম বাদ দিতে আদালতকে অনুরোধ করেন।
বৃহস্পতিবার যে চারজন দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চেয়েছেন তাদের একজন সিপাহি জামাল উদ্দিন।
জামাল উদ্দিনের দাবি, নিজের ইচ্ছায় তিনি দরবার হল থেকে বের হননি। হুড়োহুড়িতে অন্যের ধাক্কায় বের হতে বাধ্য হন। আদালতের কাছে মাফ চেয়ে জামাল তাকে চাকরিতে পুনর্বহালের অনুরোধ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯৪০ঘ.
bdnews24