২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের কোনো জওয়ান ভারতে পালিয়ে যায়নি: মইনুল

বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল হোসেন বলেছেন, অস্ত্র নিয়ে বিডিআর-এর কোনো জওয়ান ভারতে পালিয়ে যাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল হোসেন বলেছেন, অস্ত্র নিয়ে বিডিআর-এর কোনো জওয়ান ভারতে পালিয়ে যাননি। নয়া দিল্লীতে বিডিআর-বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সন্মেলন শেষে দেশে ফিরে বিডিআর সদরদপ্তরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মইনুল বলেন, "ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক মহেন্দ্র লাল কুমাওয়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে তিনি বলেন, "বিডিআরের যেসব সদস্য অনুপস্থিত রয়েছেন তারা বিভিন্নভাবে (ভারতে) পালিয়ে যেতে পারেন। তবে সে ব্যপারে কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা তথ্য প্রকাশ করলে পুলিশ খুঁজে দেখবে।" ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে সদস্য ছিলেন ছয়জন। ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন ১৯জন। বিডিআর মহাপরিচালক বলেন, সন্মেলনের মূল বৈঠক হয় ৩১ মার্চ। এতে বিডিআর বিদ্রোহে নিহত তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের প্রতিকৃতিতে ফুলের পাপড়ি ছিটিয়ে তার প্রতি সম্মান দেখানো হয়। এছাড়া দুই মিনিট নীরবতা পালন করে বিদ্রোহে নিহত অন্য সকলের প্রতিও সম্মান জানানো হয়। ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে এই বিদ্রোহের ঘটনা ঘটে। মেজর জেনারেল মইনুল বলেন, বৈঠকে বিএসএফ মহাপরিচালক মহেন্দ্র লাল কুমাওয়াত বন্ধুপ্রতীম দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক অটুট ও একে আরো জোরদার করে তোলার ব্যাপারে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। বৈঠকে অস্ত্র, গোলা-বারুদ, মাদক চোরাচালান এবং নারী ও শিশু পাচার রোধসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও দুই পক্ষ মতৈক্যে পৌঁছেছে বলে তিনি জানান। মহাপরিচালক জানান, ২০০৮ সালের ২৯-৩১ আগস্ট বাংলাদেশে অনুষ্ঠিত দু'দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে কাঁটা তারের বেড়া নির্মাণ, সীমান্তের নদী ভাঙ্গন কবলিত এলাকায় যৌথ পরিদর্শন এবং অপরাধ কমিয়ে আনার জন্য সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করা নিয়ে যে আলোচনা হয়েছিল তা অব্যাহত রাখার ব্যাপারেও উভয় পক্ষ মতৈক্যে পৌঁছেছে। বৈঠকে সীমান্ত পিলার রক্ষা নিয়েও আলোচনা হয় বলে উল্লেখ করে মেজর জেনারেল মইনুল বলেন, "ভারতীয় কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার ব্যাপারে সরকারের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন বিএসএফ মহাপরিচালক।" বিডিআর বিদ্রোহের সময় এবং এর পরবর্তী সময়ে সীমান্তে বিএসএফ-এর দায়িত্বশীল ভূমিকার জন্য বিএসএফ সদস্যদের বিডিআর মহাপরিচালক ধন্যবাদও জানান। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। বিডিআর পুনর্গঠন সম্পর্কে তিনি বলেন, "যত তাড়াতাড়ি পুনর্গঠন করা সম্ভব হয় ততোই ভাল।" এ ব্যাপারে ভারত তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা করবে বলে তিনি জানান। পিলখানায় হত্যাকাণ্ডের পর ধীরে ধীরে অনিশ্চিয়তা কেটে যাচ্ছে। সীমান্তে এখন কোনো সমস্যা নেই বলে উল্লেখ করে মেজর জেনারেল মইনুল বলেন, ১ এপ্রিল বৈঠকে সমঝোতা স্বারক সই করা হয়। একই দিন তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংবাদ সম্মেলনে বিডিআর পরিচালক (অপারেশন) কর্নেল মো. জাহাঙ্গীর কবীর তালুকদার এবং জনসংযোগ কর্মকর্তা নূরুল হুদা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/টিআর/১৭১৭ ঘ.