ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- দুঘন্টার কিছু বেশি সময় আলোচনার পর বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বিডিআর সদরদপ্তরের বিদ্রোহী জওয়ানরা অস্ত্র সমর্পণ শুরু করেছে। পুলিশ ও সরকারি নির্ভরযোগ্য সূত্র এ কথা নিশ্চিত করেছে।
এর আগে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্রোহী বিডিআর জওয়ানদের কয়েকজন প্রতিনিধির আলোচনার পর সাধারণ ক্ষমার ও দাবি-দাওয়া বিবেচনার আশ্বাসের বিনিময়ে তারা অস্ত্র সমর্পণে রাজি হয়।
তবে এর কিছুক্ষণ পরই জওয়ানরা অস্ত্র সমর্পণের জন্য আশপাশ থেকে সেনাসদস্যদের প্রত্যাহার দাবি করায় বিষয়টি বিলম্বিত হয়।
বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র ক্যামেরাম্যান রফিকুল ইসলাম ঘন্টাখানেক ভেতরে থাকার পর বেরিয়ে এসে সাংবাদিকদের জানান, বিদ্রোহীরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র সমর্পণ করছেন। এছাড়া
স্বরাষ্ট্রমন্ত্রী অফিসারদের বাসভবনে গিয়ে তাদের আটকা পড়া পরিবারের সদস্যদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন।
ঘটনাস্থল থেকে লিটন হায়দার ও সুমন মাহবুব জানান, রাত ৩টা ২৬ মিনিটে পুলিশের একটি রিকুইজিশন করা বাস ফটক দিয়ে ভেতরে ঢোকে। এসময় ভেতর থেকে বাসটি লক্ষ্য করে প্রথমে একটি ও পরে একঝাঁক গুলি করা হয়। এটা দেখে পেছনে থাকা র্যাবের তিনটি মাইক্রোবাস ভেতরে না ঢুকে কাছের রাইফেলস স্কোয়ারের দিকে সরে পড়ে।
এর আগে রাত সাড়ে ১২টায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহী জওয়ানদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ সরকারী কর্মকর্তাদের বৈঠক শুরু হয়।
এর আগে ২ টার দিকে বিডিআর সদর দপ্তরের প্রধান ফটকের সব আলো নিভিয়ে দেওয়া হয়। এসময় মাইক দিয়ে ভেতরে শুধু বিটিভির ক্যামেরা ও সাংবাদিকদের ভেতরে যাওয়ার আহ্বান জানানো হয়।
রাত ১০টার পর থেকে সদরদপ্তরে গুলি প্রায় থেমে যায়। তবে তখন থেকে বিক্ষিপ্তভাবে একটি দুটি গুলি হচ্ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রীসহ সদরদপ্তরে ঢোকার ঠিক আগেই হোটেল আম্বালা ইন-এ ১২ জন বিডিআর প্রতিনিধির সঙ্গে একদফা আলোচনার পর অন্যতম আলোচক সাংসদ ফজলে নূর তাপস আশা প্রকাশ করে বলেছিলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই বিদ্রোহী বিডিআর জওয়ানদের সঙ্গে সরকার একটা সমঝোতায় আসতে পারবে।
স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ।
শেখ হাসিনার ব্যক্তিগত বুলেট প্র"ফ মার্সিডিজ গাড়ি নিয়ে তারা বিডিআর সদর দপ্তরের ভেতরে যান।
আগের দফা আলোচনা শেষে তাপস সাংবাদিকদের বলেন, "আমরা সবার সঙ্গে পর্যায়ক্রমে কথা বলেছি। একে একে সবার সাথেই কথা বলার চেষ্টা করেছি। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই একটা সমঝোতায় আসতে পারবো।"
অস্ত্র সমর্পণের বিষয়ে তিনি বলেন, "ওরা ওদের মতো করে অস্ত্র সমর্পণ করবে। অস্ত্র সমর্পণের পর আমরা গিয়ে বিষয়টি নিরূপণ করে আসবো যে তা সঠিকভাবে হয়েছে কী না।"
বিদ্রোহী বিডিআর জওয়ানরা সেনা বা পুলিশের বদলে নিজেদের কর্তৃপক্ষের কাছেই অস্ত্র সমর্পণ করতে চায় বলে তিনি জানান।
তাদের সঙ্গে সরকারের কোনও চুক্তি হয়েছে বা হবে কী না জানতে চাইলে তাপস বলেন, "তাদের সাথে লিখিত চুক্তির দরকার নেই। হচ্ছেও না।"
বিডিআর এর মহাপরিচালক এর সঙ্গে কোনও যোগাযোগ হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, "তার সাথে কোনও যোগাযোগ হয়নি।"
তিনি বলেন, "দীর্ঘ আলোচনার পর প্রধানমন্ত্রী তাদের দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদের অনেকগুলো দাবিপূরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন।"
তিনি জানান, সেখানে পরিবারের আটক সদস্যদের মুক্তির জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। এর মধ্যেই তাদের অনেকে মুক্তি পেয়েছেন।
তিনি বলেন, "এই এলাকাতে কোনও সেনা মোতায়েন নেই। এটা জানতে পেরেই তারা অস্ত্র সমর্পণে রাজী হয়েছেন। অস্ত্র সমর্পণ হওয়ার সাথে সাথেই আমরা ভেতরে যাবো।"
বিডিনিউজ ২৪ ডটকম /এলএইচ/জিএমএ/এএনএস/এসকে/০৩৪১ঘ.
bdnews24