২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৯ জওয়ানকে আদালতে হাজির

বিদ্রোহের মামলায় রাঙামাটির বিশেষ আদালতে বুধবার নয় জওয়ানকে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 05:22 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

রাঙামাটি, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় রাঙামাটির বিশেষ আদালতে বুধবার নয় জওয়ানকে হাজির করা হয়েছে। এরা হলেন- শিব্বির আহমেদ, আবুল কালাম আজাদ, আব্দুর রহমন, সারোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, জহির উদ্দিন, সারোয়ার কামাল, শামসুল হক ও রাসেল কবির। বিডিআরের রাঙামাটি সেক্টরের ১২ ব্যাটালিয়নের একটি ভবনে সকাল পৌনে ১০টায় আদালতের কাজ শুরু হয়। প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. হাবিবুল করিম আসামিদের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত থাকার তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করেন। বেলা সোয়া ১০টার দিকে তিন বিচারকের সমন্বয়ে গঠিত এ আদালতের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৩টা পর্যন্ত বিচার কাজ মুলতবি করেন। আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর সেদিন আদালতে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। বিডিআর আইনে মঙ্গলবার এ আদালতে অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। আদালতের অপর দুই বিচারক হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর মোস্তফা আল মামুন। ঢাকার পিলখানা সদর দপ্তরে ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের ঘটনায় রাঙামাটিসহ ছয়টি স্থানে বিশেষ আদালত বসিয়ে বিচার হচ্ছে। পিলখানায় হত্যা, লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে। বিদ্রোহের অভিযোগে সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে এক্ষেত্রে সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১১৫ ঘ.