২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় পলিথিনবিরোধী অভিযানে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

হামলার ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মোতাহের হোসেন চকবাজার থানায় একটি মামলা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

পুরান ঢাকার চকবাজারে পলিথিন কারখানায় অভিযানে যাওয়া পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- হুমায়ুন কবির (২৮), আরিফুল ইসলাম (৪০), আনোয়ার হোসেন খোকন (৪৮), শাহাবুদ্দিন (৪৫), নাজমুল আলম উজ্জ্বল (৩৬) ও সুমন (২৬)।

চকবাজারের বিভিন্ন এলাকায় সোম ও মঙ্গলবার ডিবি পুলিশ এবং চকবাজার থানা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার ওই হামলার ঘটনা ঘটে। 

পুলিশের ভাষ্য, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এদিন পরিবেশ অধিদপ্তর চকবাজারের কয়েকটি কারখানায় তারা অভিযান চালায়। 

অভিযানে কয়েকটি কারখানা থেকে কিছু মালামাল জব্দ করে গাড়িতে তোলা হয়।

“পরে এলাকার ব্যবসায়ীসহ আশপাশের লোকজন হামলা চালিয়ে গাড়ি থেকে মালামালগুলো নিয়ে যায়,” বলেছিলেন ওসি রেজাউল হোসেন।

ওই হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলী আহত হন। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববারের অভিযানে পশ্চিম ইসলামবাগের মো. কবির হোসেন ও মো. ইলিয়াছ সরদারের ভাড়া করা বাসা থেকে দুই লাখ ৬৮ হাজার টাকার ৪০ মণ পলিথিন জব্দ করা হয়।

“জব্দ করা পলিথিন একটি পিকআপে উঠিয়ে ফেরার পথে ১৫০-২০০ জন লাঠি, ইট ও লোহার রড দিয়ে আভিযানিক দলেও ওপর হামলা চালায়। হামলায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মো. শওকত আলী গুরুতর আহত হন। হামলাকারীরা পিকআপে থাকা জব্দ করা পলিথিন ছিনিয়ে নেয়।”

এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মোতাহের হোসেন চকবাজার থানায় একটি মামলা করেন।

এর প্রেক্ষিতে সোমবার রাতে হুমায়ুন কবির ও আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়, আর মঙ্গলবার গ্রেপ্তার করা হয় বাকি চার জনকে।

পুরান ঢাকায় পলিথিনবিরোধী অভিযানে হামলা, আহত ১