১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি বরাদ্দের ‘পরিত্যক্ত বাড়ির’ নামজারি করা যাবে

এ ধরনের বাড়ি বরাদ্দ পাওয়া ব্যক্তিরা এতদিন নামজারি করতে পারতেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2025, 01:27 AM

Updated : 10 Sep 2026, 12:36 PM

সরকারের কাছ থেকে কোনো পরিত্যক্ত বাড়ি বরাদ্দ পাওয়ার পর সেটির নামজারি করার সুযোগ দিতে আইন সংশোধন করেছে সরকার। 

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, “পরিত্যক্ত বাড়ি বরাদ্দ পাওয়া ব্যক্তিরা এতদিন সেটার নামজারি করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে।”

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভার অন্যান্য সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ও শিশু নির্যাতন অধ্যাদেশও পাস হয়েছে। 

সরকারি ক্রয়-প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে এদিন সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশেও অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাক্কলিত মূল্যের ১০ শতাংশ কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান, তা বাতিল করা হয়েছে। আগে কাজ মূল্যায়নের যে ম্যাট্রিক্স ছিল, যেটা থাকার কারণে একই প্রতিষ্ঠান বার বার কাজ পেতো, তা বদলে নতুন সক্ষমতার ম্যাট্রিক্স করা হবে। এতে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে। 

“বর্তমানে ৬৫ শতাংশ কাজের দরপত্র বা টেন্ডার অনলাইনে হচ্ছে। এটি শতভাগে উন্নীত করার সিদ্ধান্তও নিয়েছে সরকার।” 

জনসাধারণের সুবিধার্থে ঈদের ছুটির সঙ্গে ৩ এপ্রিলও যোগ করে দিয়েছে উপদেষ্টা পরিষদ। ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তিতে নির্বাহী আদেশে ছুটি থাকবে তিন পার্বত্য জেলায়। 

সাঁওতাল, গারো, খাসিয়া ও জৈন্তাসহ সমতলের অন্য জাতিগোষ্ঠীও এ ছুটির আওতায় থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।