১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক পরিচয়ে অনেকেই সরকারি অফিসে বসে থাকে: কাদের

ভুয়া লোক যাতে মহান এ পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকতে হবে, বলেন তিনি।

সাংবাদিক পরিচয়ে অনেকেই সরকারি অফিসে বসে থাকে: কাদের
ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 07:01 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

সাংবাদিক নন, এমন ব্যক্তিরাও এই পেশার পরিচয়ে সরকারি অফিসে বসে থাকেন জানিয়ে তাদের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার দুপুরে ঢাকায় সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এ পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। 

“লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই- এমন অনেকেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।” 

সমালোচনাকে সরকার ইতিবাচক হিসেবে দেখে বলেও দাবি করেছেন ক্ষমতাসীন দলের নেতা। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয়। সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন।” 

ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যেন অকারণে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে বলেও দাবি করেন কাদের। 

ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

সংসদে বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলমও এ সময় উপস্থিত ছিলেন।