১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আসিয়ানের সদস্য হতে ইন্দোনেশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা

ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের ব্যবসার জন্য আরও সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

আসিয়ানের সদস্য হতে ইন্দোনেশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2024, 10:15 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের জন্য ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

সেই সঙ্গে ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের ব্যবসার জন্য আরও সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো রোববার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয় বলে সরকারপ্রধানের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, “আমি আশা করি ইন্দোনেশিয়া আমাদের আসিয়ানের সদস্যপদ পেতে সাহায্য করবে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা করার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, আগামী জানুয়ারিতে মালেশিয়া আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করবে। 

রাষ্ট্রদূত সুবোলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার দেশের সমর্থনের কথা বলেন। তিনি বলেন, ইন্দোনেশিয়া আসিয়ান সদস্য হওয়ার জন্য বাংলাদেশের আবেদন ‘নিবিড়ভাবে অনুসরণ’ করবে। 

“ইন্দোনেশিয়া বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে। আশা করি এটি উভয় দেশের জন্য লাভজনক হবে।”

প্রধান উপদেষ্টা ক্ষুদ্রঋণ প্রচারের জন্য ইন্দোনেশিয়ায় তার একাধিক সফরের কথা বৈঠকে স্মরণ করেন। ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ব্যবসার খুব কম উপস্থিতি দেখেছেন বলেন জানান। 

তিনি বলেন, “একটা বিষয় সবসময় অনুশোচনার যে, ইন্দোনেশিয়ায় খুব বেশি বাংলাদেশি নেই। বাংলাদেশিরা সর্বত্র আছে, কিন্তু ইন্দোনেশিয়ায় নেই।” 

প্রধান উপদেষ্টা বলেন, “ইন্দোনেশিয়া বৃহত্তম মুসলিম দেশ। কিন্তু সে দেশের মানুষ বাংলাদেশ সম্পর্কে তেমন জানেন না। আমরা খুব বেশি যোগাযোগ করছি না। আমাদের কাছাকাছি আসার জন্য অবশ্যই একটি উপায় খুঁজে বের করতে হবে।”

ইন্দোনেশিয়াকে তাদের বিশ্ববিদ্যালয়ে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিসহ বাংলাদেশি চিকিৎসক নিয়োগ এবং বাংলাদেশ থেকে ওষুধপত্র আমদানি করার আহ্বান জানান তিনি। 

রাষ্ট্রদূত সুবোলো বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রতিশ্রুতি দেন। 

তিনি ২০২৪ সালের জুলাই মাসে মাতারবাড়ি এবং অন্যান্য এলাকায় সোলার পিভি বিনিয়োগ প্রকল্পের বিষয়ে পারটামিনা পাওয়ার ইন্দোনেশিয়া এবং কোল জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মধ্যে এমওইউ স্বাক্ষরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। 

প্রধান উপদেষ্টা ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতোকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।