Published : 29 Nov 2025, 09:09 PM
বাংলাদেশে তিমুর-লেস্তের স্বাধীনতার ঘোষণার ৫০ বছর পূর্তি উদযাপন হয়েছে।
শুক্রবার ঢাকার হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয় বলে শেলটেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বাংলাদেশে তিমুর-লেস্তের অনারারি কনসাল ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ অনুষ্ঠান আয়োজন করেন। কূটনীতিক, সরকারি কর্মকর্তা, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও দুই দেশের বন্ধুসুলভ প্রতিনিধিরা সেখানে অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি তিমুর-লেস্তের জনগণের ঐতিহাসিক সংগ্রাম, দৃঢ়তা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন। পাশাপাশি দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দেশটির ক্রমবর্ধমান সম্পর্কের কথা তুলে ধরেন।
তিমুর-লেস্তে সরকারের দুই শীর্ষ কর্মকর্তা পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয়ে মহাপরিচালক অ্যাম্বাসেডর জর্জে কেমোয়েনস ও পরিচালক ইমানুয়েল টিলম্যান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশে শান্তিরক্ষা কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি, সুশাসন ও কূটনৈতিক সহযোগিতায় দীর্ঘদিনের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশে তিমুর-লেস্তের অনারারি কনসাল ও ‘এনভয় লেগেসি’ এবং শেলটেক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশ ও তিমুর-লেস্তের সম্পর্ক আরও গভীর করার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “তিমুর-লেস্তের স্বাধীনতার ঘোষণার ৫০ বছর পূর্তি শুধু উৎসব নয়, বরং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত করার একটি মাধ্যম। পাশাপাশি সাম্প্রতিক তিমুর-লেস্তের আসিয়ানের ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক যোগদান দুই দেশের জন্য নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে।”