২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ডে অসুস্থ পলক হাসপাতালে ভর্তি

যাত্রাবাড়ী থানার একটি মামলায় সাবেক এই প্রতিমন্ত্রীকে সন্ধ্যার পর রিমান্ডে নেওয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রিমান্ডে অসুস্থ পলক হাসপাতালে ভর্তি
গ্রেপ্তারের পর জুনাইদ আহমেদ পলককে আদালতে নিয়ে যায় পুলিশ। ফাইল ছবি।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 01:18 AM

Updated : 10 Sep 2026, 12:22 PM

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার একটি মামলায় সাবেক এই প্রতিমন্ত্রীকে শনিবার সন্ধ্যার পর রিমান্ডে নেওয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম বলেন, চার দিনের রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিকালে থানায় নেওয়া হয়। সন্ধ্যার পর তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করেন।

পলক বুকের ব্যথার কথা জানালে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা মেডিসিন বিভাগে ভর্তি করে নেন বলে জানান তিনি।

যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ বলেন, পলকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। এর একটি মামলায় আগে থেকেই চার দিনের রিমান্ড মঞ্জুর হয়ে আছে।

বিমানবন্দরে পলককে আটকে দেওয়ার খবর

"আজকে অন্য একটি মামলায় আদালতে আনা হয় পলককে। পরে আদালত থেকে তাকে চার দিন রিমান্ড মঞ্জুর হওয়া মামলায় থানায় নেওয়া হয়।"

গণ আন্দোলনে গত ৫ অগাস্ট সরকার পতনের পর মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের আত্মগোপনে থাকার মধ্যে গত ১৫ অগাস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে পলকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সরকার পতনের পরদিনই দেশত্যাগের চেষ্টার সময় পলককে রাজধানীর শাহজালাল বিমানবন্দর আটকে দেওয়ার খবর আসে সংবাদমাধ্যমে।

সেদিন দুপুরের পর বিমানবন্দরে কর্মরত কয়েকটি সরকারি সংস্থার কর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন।

পলক, দীপু মনি, ইনু, মেনন ও সালমান ফের রিমান্ডে

দুই মামলায় ৬ দিনের রিমান্ডে পলক

পরে ১৫ অগাস্ট পলককে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ। একই দিন গ্রেপ্তার করা হয় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জায়গায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।