২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ঢাকা মেডিকেলে এক দিনে ৩ কারাবন্দির মৃত্যু

কীভাবে তাদের মৃত্যু হলো, সে বিষয়ে কোনো তথ্য দেননি কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 10:06 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

হাসপাতালে এক দিনে তিন কারাবন্দির মৃত্যু হওয়ার তথ্য দিয়েছেন কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা। 

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসব কারাবন্দির মৃত্যু হওয়ার তথ্যটি এসেছে পুলিশের তরফেও।

মারা যাওয়া তিনজন হলেন— মো. শাহাদত হোসেন লিটন (৪৮), আবুল বাশার (৫৪) ও আব্দুল কাইয়ুম (৬২)। এর মধ্যে শাহাদাত হোসেন লিটন ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কারারক্ষী আমিনুল ইসলাম বলেন, লিটন গত ২৮ অগাস্ট কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

রোববার সকাল ৯টার দিকে মৃত্যু হয় লিটনের। তার বাড়ি খুলনার দৌলতপুর উপজেলার পাবলা গ্রামে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে আনা হয় আবুল বাশারকে। 

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আবদুস শহীদ বলেন, “কারা কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তার বাড়ি চাঁদপুরের কচুয়া এলাকায়। তার বাবার নাম সেকান্দার আলী।

আব্দুল কাইয়ুম নামের আরেক বন্দিরও প্রায় একই সময় মৃত্যু হয়। 

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী হেমায়েত হোসেন বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়’; তার বাবার নাম দুদু মিয়া।

এই তিনজন কোন কোন মামলায় বন্দি ছিলেন, কিংবা কীভাবে তাদের মৃত্যু হলো, সে ব্যাপারে কারারক্ষীরা কোনো তথ্য দেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমানও চিকিৎসকের বরাতে তাদের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।