বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী ‘হাইগ্রাউন্ড হোল্ডিংস’
‘একটি গুরুত্বপূর্ণ সময়ে’ বিনিয়োগ করার জন্য মার্কিন ব্যবসায়ীকে স্বাগত জানান মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন কোম্পানি ‘হাইগ্রাউন্ড হোল্ডিংসের’ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেন্ট্রি বিচ।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, তার কোম্পানি এরই মধ্যে বাংলাদেশে একাধিক সম্পদ অধিগ্রহণ করেছে। ভবিষ্যতে তারা বাংলাদেশের আবাসন, আর্থিক ও জ্বালানিসহ অন্যান্য খাতে আরও বিনিয়োগ করতে চায়।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে বিচ বলেন, "আপনারা দুর্দান্ত কাজ করছেন।"
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
প্যারামাউন্ট ইউএসএর চেয়ারম্যান বিচ বলেন, "এখন এই দেশে আরও বিনিয়োগ আসার সময় হয়েছে। আমরা এখানে থাকতে পেরে উচ্ছ্বসিত।"
তিনি বলেন, তার কোম্পানি আবাসন খাতে, বিশেষ করে কম খরচের ‘সামাজিক আবাসন’, মহাকাশ এবং প্রতিরক্ষা খাতেও বিনিয়োগ করতে আগ্রহী।
দেশের "একটি গুরুত্বপূর্ণ সময়ে" বিনিয়োগ করার জন্য বিচকে স্বাগত জানান ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ টানতে নানা সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, "দেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আমরা আমাদের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করছি।"
ইউনুস বলেন, “বাংলাদেশের অনশোর ও অফশোর গ্যাস অনুসন্ধানসহ অনেক খাতে আরও মার্কিন বিনিয়োগ প্রয়োজন।”
আফ্রিকায় বিনিয়োগের অভিজ্ঞতা থাকা এবং পাকিস্তানে বিনিয়োগের পরিকল্পনা করা বিচ বলেন, “আমরা বাংলাদেশকে আবার মহান করে তুলব।"
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
