২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সঠিক’ তথ্যের জন্য ইরানি গণমাধ্যমের খবর পড়ার পরামর্শ দূতাবাসের

দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী দাবি করেন, আমেরিকা ও ইসরাইলের ‘নির্দেশে তাদের প্রশিক্ষিত ভারী অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠী’ আন্দোলনরত সাধারণ মানুষের ওপর গুলি চালায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 09:43 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

কেবল পশ্চিমা সংবাদমাধ্যমের ওপর নির্ভর না করে ইরান বিষয়ে ‘সত্য খবর’ সেখানকার স্থানীয় সংবাদ সংস্থাগুলো থেকে নেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস।

বুধবার ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম, খতিব ও আলেমদের সঙ্গে এক মতবিনিময় সভায় দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী এ পরামর্শ দেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মীর মোহাম্মাদী বলেন, “ইরান সরকারের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েল ষড়যন্ত্র করে চলেছে। তবে সব ষড়যন্ত্র ইরান সরকার রুখে দিয়েছে। ‘আপনারা যদি ইরানের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে জানতে চান, তাহলে ইরানের সংবাদমাধ্যমগুলো থেকে তা জানতে হবে। 

“যদি আপনি পশ্চিমা মিডিয়ার খবরের ওপর নির্ভর করে বিচার করেন, আপনার মনে হবে ইরানের পতন ঘটেছে। তাই সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে হলে আপনাদের ইরানের নিউজ এজেন্সিগুলো থেকে সংবাদ সংগ্রহ করতে হবে।”

ইরানের সাম্প্রতিক বিক্ষোভের ঘটনাপ্রবাহ তুলে ধরে মীর মোহাম্মাদী বলেন, ইরানে ১ জানুয়ারি থেকে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন। ইরানের মুদ্রার সঙ্গে ডলার ও ইউরোর দামের ব্যবধান বেড়ে যাওয়ায় তারা বিক্ষোভে নামেন এবং সরকারকে এই সমস্যার সমাধান করতে বলেন। এটি ‘স্বাভাবিক বিষয়’ এবং সারা বিশ্বেই এমন হতে পারে।

বিক্ষোভে সহিংসতা শুরুর দায় আমেরিকা ও ইসরায়েলকে দিয়ে তিনি বলেন, “প্রথম দিকে আন্দোলন স্বাভাবিক থাকলেও পরবর্তীতে তা সহিংস রূপ ধারণ করে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে আমেরিকা ও ইসরাইল ব্যাপকভাবে ইরানের বিপক্ষে মানুষকে উসকে দেয়। 

“ইরানের অভ্যন্তরীণ শত্রুরা এই সুযোগ কাজে লাগিয়ে দাঙ্গা ও সহিংসতা সৃষ্টি করে। আমেরিকা ও ইসরাইলের নির্দেশে তাদের প্রশিক্ষিত ভারী অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠী আন্দোলনরত সাধারণ মানুষের ওপর গুলি চালায়। এতে অনেক নিরপরাধ মানুষ নিহত হয়।”

ইরানে সহিংসতায় তিন হাজার মানুষ নিহতের তথ্য দিয়ে তিনি বলেন, “এদের মধ্যে ২ হাজার ৪২৭ জন ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন ছিল ‘সন্ত্রাসী’। তবে পশ্চিমা গণমাধ্যম এই ঘটনাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছে। 

“তারা নিজেদের মিডিয়া শক্তি ব্যবহার করে পুরো ঘটনাটিকে ভুলভাবে তুলে ধরার চেষ্টা করেছে। পশ্চিমা মিডিয়ার তৈরি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এসব গুজব সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছিল।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ‘ইরানের অভ্যন্তরে অবস্থানরত সন্ত্রাসীদের নির্দেশনা দিচ্ছিল‘ অভিযোগ করে তিনি বলেন, “এই পরিস্থিতিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যোগাযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে ইরান সরকার আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়, যদিও অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক ইন্টারনেট সচল ছিল।”

তিনি বলেন, “ইরান এবার দেখিয়ে দিয়েছে, কীভাবে একটি দেশে স্টারলিংক পরিষেবা বন্ধ করে দেওয়া যায়।”