১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভেঙে পড়া সেবা কাঠামো ‘সচল করা হবে’: ইশরাক

“ডেঙ্গু ও জলাবন্ধতা নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 05:24 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ডেঙ্গু ও জলাবন্ধতাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন সংকট নিরসনে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের সঙ্গে বৈঠক করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

প্রতিমন্ত্রী ইশরাক নগর ভবনে যান শনিবার দুপুরে। 

পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুততম সময়ে ভেঙে পড়া সেবা কাঠামো সচল করা হবে। ডেঙ্গু ও জলাবন্ধতা নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি বলেন, নগরের বিভিন্ন স্থানে রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

এ সময় সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ইশরাক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের বিষয়ব্স্তু তার ব্যক্তিগত মতামত।

তিনি বলেন, দল মনোনয়ন দিলে এবং দলীয় সিদ্ধান্ত হলে তবেই তিনি নির্বাচনে অংশ নেবেন। তিনি বর্তমানে দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের অস্বাভাবিক ভোটপ্রাপ্তির অভিযোগও তুলে ইশরাক হোসেন বলেন, তার আসনে অতীতে জামায়াতে ইসলামী সর্বোচ্চ তিন হাজার ভোট পেয়েছিল, কিন্তু এবার তাদের প্রাপ্ত ভোট কল্পনার বাইরে। 

এ বিষয়ে ভোটার তালিকা যাচাইয়ের দাবি জানিয়ে তিনি বলেন, “ভোটার তালিকায় কোনো অনিয়ম বা ডুপ্লিকেশন রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত।”

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা সংশোধনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেন ইশরাক হোসেন।