২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের ঊর্মি-রাকিব কারাগারে, জামিন শুনানি মঙ্গলবার

ঊর্মি এবং রাকিবকে রোববার রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 07:27 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

জামিন শুনানির দিন ঠিক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি ও সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

সোমবার ঢাকার মহানগর হাকিম মো. রাগীব নূর এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. মাহমুদ হাসান। 

অন্যদিকে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। পরে আদালত জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঊর্মি এবং রাকিবকে রোববার রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কোটা সংস্কার আন্দোলনের গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। 

ওই ঘটনায় গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে শেখ হাসিনাসহ ৩৯১ জনের বিরুদ্ধে মামলা করেন। 

মামলায় অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মী, বহিরাগত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করে। 

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর গুলি করে তারা। এতে অনেক শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ঊর্মি ও রাকিব গ্রেপ্তার