ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ঊর্মি ও রাকিব গ্রেপ্তার
উভয়ের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ থাকার কথা বলেছে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শামসুন্নাহার হল শাখার সভাপতি খাদিজা আক্তার ঊর্মি এবং সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেপ্তার করার তথ্য রোববার রাতে এক বার্তায় দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তবে তাদের কখন, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্য নেই ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমানের পাঠানো বার্তায়।
ঊর্মিকে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে রাকিবকে কোন থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা বলা হয়নি বার্তায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আসামি হিসেবে উর্মির নাম রয়েছে। আন্দোলনকারীদের ওপর হামলাকারী হিসেবে রাকিবের নাম থাকার কথা বার্তায় বলা হয়েছে।
গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।
সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগ এনে তাদের নিষিদ্ধ করা হয়।
২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী ‘সন্ত্রাসী সত্তা‘ হিসেবে তালিকাভুক্ত করে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
