শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়ির সৌন্দর্য অক্ষুণ্নে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
আট বছর আগে জারি করা এক রুল নিষ্পত্তি করে হাই কোর্ট এই রায় দিল।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়ি এলাকার সৌন্দর্য ‘বিকৃত হয়ে থাকলে’ তা আইন অনুসারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এ বিষয়ে আট বছর আগে জারি করা রুল নিষ্পত্তি করে মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়ির পাশের এলাকায় পুরাকীর্তি সংরক্ষণ বিধি অমান্য করে ভবন নির্মাণ করার খবর প্রকাশিত হলে ২০১৪ সালে হাই কোর্টে এই রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ৫ অগাস্ট হাই কোর্ট রুল জারি করে। পাশাপাশি ওই কাজের ওপর স্থিতাবস্থা জারির আদেশ দেওয়া হয়। ওই রুলের শুনানি শেষে মঙ্গলবার রায় দিল হাই কোর্ট।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “আদালত রুলটি নিষ্পত্তি করে কয়েকটি নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে মামলাটি চলমান রেখেছেন।”
তিনি বলেন, “আদালত রায়ে বলেছেন- রবীন্দ্র কাচারি বাড়ির ঐতিহাসিক গুরুত্ব আছে এবং অভিযোগ আছে এর সৌন্দর্য বিকৃত করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ ধরনের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ করা প্রয়োজন।”
মনজিল মোরসেদ জানান, ১৯৬৮ সালের পুরাকীর্তি আইন এবং সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুসারে রবীন্দ্র কাচারি বাড়ির সৌন্দর্য বিকৃত করার জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজনে কোনো ব্যক্তি সম্পত্তি অধিগ্রহণ করতে হলে বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে রায়ে।
