১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্র হনন এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার নাগরিকের বাকস্বাধীনতা এবং ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে ‘অত্যন্ত সচেতন’, বলেন তিনি।

সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্র হনন এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইআরআই এর প্রতিনিধি জন ফ্লুহার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 07:31 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এক নয় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সরকার নাগরিকের বাকস্বাধীনতা এবং ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে ‘অত্যন্ত সচেতন’। 

রোববার মন্ত্রণালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট- আইআরআই এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক উন্নয়নে বিশ্বব্যাপী কাজ করা ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটির এ প্রতিনিধিদল রোববার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

আইআরআই এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি তাদের চলমান যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চা সংক্রান্ত কর্মসূচির কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। 

তিনি বলেন, “বাংলাদেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা বর্তমানে সাইবার বুলিং এবং সংগঠিত অপপ্রচারের কারণে হয়রানি ও মানহানির শিকার হচ্ছেন।”

তিনি এই ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলগুলোর জন্য একটি সর্বসম্মত নীতি ও আইনগত সুরক্ষার আহ্বান জানান।

সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে প্রতিটি নাগরিকের মতপ্রকাশ ও গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে বলে প্রতিনিধিদলকে অবহিত করেন মন্ত্রী।

“তবে গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন বা গালিগালাজ এক নয়,” বলেন সালাহউদ্দিন আহমদ।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন পরিমার্জনের ক্ষেত্রে গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম ব্যক্তিত্ব, সংবাদমাধ্যমের সম্পাদক এবং সুশীল সমাজের অংশীজনদের মতামত গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনটির মূল লক্ষ্য হবে ডিজিটাল স্পেসে শালীনতা ফিরিয়ে আনা, নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে রক্ষা করা এবং একই সাথে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত, করা যাতে আইনের কোনো ধরনের অপব্যবহার না ঘটে।”

সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ এবং ডিজিটাল নিরাপত্তা সুসংহত করতে সরকার আন্তর্জাতিক ও স্থানীয় অংশীজনদের ইতিবাচক পরামর্শ গ্রহণ করবে, বলেন তিনি।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, আইআরআই এর টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক, তরুণ রাজনীতিবিদ ও আইআরআই প্রশিক্ষণার্থী চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স।