Published : 10 Dec 2025, 07:21 PM
রাজধানীর শান্তিনগর এলাকায় সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে পুলিশের এক উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
৩৭ বছর বয়সী এসআই আফতাব উদ্দিন রিগ্যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে (উত্তর) কর্মরত ছিলেন।
৩৫তম ব্যাচের (আউটসাইড ক্যাডেট এসআই) কর্মকর্তা রিগ্যান প্রশিক্ষণ শেষে ২০১৭ সালে কাজে যোগ দেন। তার গ্রামের বাগি মৌলভীবাজারে।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, “প্রাথমিকভাবে আমরা মনে করছি তিনি আত্মহত্যা করেছেন।”
কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন? ডিবির ডিসি রিকাবদার বলছেন, “আমরা এখনো এরকম কিছু জানতে পারিনি। তার ভাই আসছেন। তখন হয়তো কিছু জানা যাবে।”
পল্টন থানার পুলিশ জানিয়েছে, এসআই রিগ্যান গত এক মাস ধরে ডিটিএস ডরমিটরিতে অবস্থান করছিলেন। সেখানে তার প্রশ্ক্ষিণ চলছিল।
থানার ওসি মোস্তফা কামাল খান বলছেন, বুধবার সকালে আফতাব উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
“প্রাথমিকভাবে আমরা মনে করছি তিনি আত্মহত্যা করেছেন। এর পেছনে পারিবারিক না অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।”