১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘হৃদয়ে ঢাকা ৪১৬’: শুক্রবার ভোরে সাইকেল শোভাযাত্রা

১৫ অগাস্ট মতিঝিল শাপলা চত্বর থেকে সোয়ারীঘাট পর্যন্ত হবে ‘ঢাকা হেরিটেজ রান’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 05:55 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে গত ১ অগাস্ট থেকে চলছে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব। এই উৎসব চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

উৎসবের অংশ হিসেবে শুক্রবার সকাল ৭টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা গেট থেকে নগর ভবন পর্যন্ত ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’। পরদিন ১৫ অগাস্ট মতিঝিল শাপলা চত্বর থেকে সোয়ারীঘাট পর্যন্ত হবে ‘ঢাকা হেরিটেজ রান’।

এর আগে উৎসবের অংশ হিসেবে ১ থেকে ৭ অগাস্ট শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ২ থেকে ৬ অগাস্ট চ্যানেল আইয়ের ব্যবস্থাপনায় ঢাকার চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি উৎসব শেষ হয়েছে।

ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলমান উৎসবের নানা দিক তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “ঢাকা শহরে আমরা অনেকেই বসবাস করি। কেউ জন্মসূত্রে, কেউ জীবিকার জন্য আবার কেউ শিক্ষার জন্য। কেউ স্থায়ীভাবে আবার কেউ অস্থায়ীভাবে। কিন্তু এই শহর আমাদের আশ্রয় দিয়েছে। এই সূত্রে আমরা সবাই এই শহরের নাগরিক।

“শতবর্ষী এই রাজধানীর ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে দৃঢ় বন্ধন না থাকায় এই শহরকে আমরা অনেকেই আপন করে নিতে পারিনি। ফলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষাসহ সার্বিক বিষয়ে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। নাগরিকদের কাছে রাজধানী ঢাকার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরে তাদের হৃদয়ে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ তৈরির জন্যই এই আয়োজন।”

সংবাদ সম্মেলনে উৎসবের পরবর্তী কর্মসূচি তুলে ধরা হয়। এগুলো হলো- 

১৪ অগাস্ট ভোরে ঢাকা গেট থেকে নগর ভবন পর্যন্ত ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’।

১৫ অগাস্ট: মতিঝিল শাপলা চত্বর থেকে সোয়ারীঘাট পর্যন্ত ‘ঢাকা হেরিটেজ রান’।

১৬ থেকে ২২ অগাস্ট সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে ঢাকার ওপর নির্মিত মঞ্চ নাটক।

২১ অগাস্ট খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ এবং সদরঘাটে শত বছরের পুরোনো বিশেষ হেরিটেজ ক্রুজযোগে পর্যটকদের ভ্রমণ।

২১ থেকে ৩০ অগাস্ট ঢাকার বিপণিবিতানে ‘দ্য গ্রেট ঢাকা সেল’ এবং নাগরিকদের আবেগ ও ভালোবাসার চিঠি নিয়ে ‘লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচি।

২২ অগাস্ট মধুমিতা সিনেমা হলে ঢাকা নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন।

২৩ থেকে ২৯ অগাস্ট বিটিভিতে ঢাকা নিয়ে নির্মিত পুরোনো নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার।

২৪ অগাস্ট উত্তর ধানমন্ডিতে জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারের মাধ্যমে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা উৎসব’ প্রদর্শন।

২৮ অগাস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকিসহ ‘ঢাকা শোভাযাত্রা’।

২৯ অগাস্ট বিকাল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে 'ক্লিন সিটি, গ্রিন সিটি' বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।

৩০ অগাস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও উন্মুক্ত আর্ট ক্যাম্প।

৫ সেপ্টেম্বর আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, “ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, প্রতিটি গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী এই ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক রাজধানী গড়ে তোলাই ডিএসসিসির লক্ষ্য।” 

একটি পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে ডিএসসিসি সর্বস্তরের নাগরিক, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং দেশি-বিদেশি পর্যটকদের এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।