১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাসের হারে সেরা বরিশাল বোর্ড, জিপিএ-৫ এ ঢাকা

দুদিক দিয়েই এবার সবচেয়ে বাজে ফল করেছে সিলেট বোর্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 01:23 PM

Updated : 28 Jul 2023, 01:34 PM

এ বছরের এসএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। 

এ বোর্ডে এবার সবচেয়ে বেশি, ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর সবচেয়ে কম পাস করেছে সিলেট বোর্ডে, ৭৬ দশমিক ০৬ শতাংশ। 

এর আগে ২০২২ সালে যশোর বোর্ডে সবচেয়ে বেশি, ৯৫ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। আর সবচেয়ে কম পাশের হার ছিল সিলেট বোর্ডে, ৭৮ দশমিক ৮২ শতাংশ। 

প্রতিবারের মত এবারও জিপিএ-৫ এ সবার উপরে রয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা, এ শিক্ষা বোর্ডের ৪৬ হাজার ৩০৩ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে।

২০০১ সালে এসএসসিতে গ্রেডিং পদ্ধতি চালুর পর থেকেই এই স্থানটি ধরে রেখেছে ঢাকার শিক্ষার্থীরা। 

সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে সিলেট বোর্ড। এই বোর্ডের ৫ হাজার ৪৫২ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে। 

বোর্ডগুলোতে পাসের হার ও জিপিএ-৫ 

বোর্ড ২০২৩ ২০২২ ২০২১
পাস (%) জিপিএ-৫ পাস (%) জিপিএ-৫ পাস (%) জিপিএ-৫
ঢাকা ৭৭.৫৫ ৪৬,৩০৩ ৯০.০৩ ৬৪,৯৮৪ ৯৩.১৫ ৪৯,৫৩০
রাজশাহী ৮৭.৮৯ ২৬,৮৭৭ ৮৫.৮৮ ৪২,৫১৭ ৯৪.৭১ ২৭,৭০৯
কুমিল্লা ৭৮.৪২ ১১,৬২৩ ৯১.২৮ ১৯,৯৯৮ ৯৬.২৭ ১৪,৬২৬
যশোর ৮৬.১৭ ২০,৬১৭ ৯৫.১৭ ৩০,৮৯২ ৯৩.০৯ ১৬,৪৬১
চট্টগ্রাম ৭৮.২৯ ১১,৪৫০ ৮৭.৫৩ ১৮,৬৬৪ ৯১.১২ ১২,৭৯১
বরিশাল ৯০.১৮ ৬,৩১১ ৮৯.৬১ ১০,০৬৮ ৯০.১৯ ১০,২১৯
সিলেট ৭৬.০৬ ৫,৪৫২ ৭৮.৮২ ৭,৫৬৫ ৯৬.৭৮ ৪,৮৩৪
দিনাজপুর ৭৬.৮৭ ১৭,৪১০ ৮১.১৬ ২৫,৫৮৬ ৯৪.৮ ১৭,৫৭৮
ময়মনসিংহ ৮৫.৪৯ ১৩,১৭৭ ৮৯.০২ ১৫,২১৬ ৯৭.৫২ ১০,০৯২
মাদ্রাসা ৭৪.৭ ৬,২১৩ ৮২.২২ ১৫,৪৫৭ ৯৩.২২ ১৪,৩১৩
কারিগরি ৮৬.৩৫ ১৮,১৪৫ ৮৯.৫৫ ১৮,৬৫৫ ৮৮.৪৯ ৫,১৮৭
মোট ৮০.৩৯ ১,৮৩,৫৭৮ ৮৭.৪৪ ২,৬৯,৬০২ ৯৩.৫৮ ১,৮৩,৩৪০

শিক্ষামন্ত্রী দীপু মনি শুক্রবার আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। 

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১ বোর্ড মিলিয়ে পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। 

গত বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ, জিপিএ-৫ পায় ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।

সে হিসাবে এবার পাসের হার কমেছে ৭ দশমিক ০৫ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৬ হাজার ২৪ জন।

চলতি বছর গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগের বছর সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে সময় কমিয়ে দুই ঘণ্টায় পরীক্ষা নেওয়া হলেও এবার সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা নেওয়া হয়।

পাসের হার কমার বিষয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “গত বছর বা তার আগের বছর, আপনি যদি মাত্র তিনটি বিষয়ে বা চারটি বিষয়ে পরীক্ষা দেন আর আপনি এখন ১০টি বিষয়ে পরীক্ষা দিচ্ছেন, পুরো ১০০ নম্বরে সব পরীক্ষা দিচ্ছেন।

 “আর সেবার অনেক কম নম্বরে পরীক্ষা দিয়েছেন, কম বিষয়ে পরীক্ষা দিয়েছেন, খুব স্বাভাবিকভাবে সেখানে পাসের হার অনেক বেশি ছিল।”

তিনি বলেন, “এখনকার যে পাসের হার, সেটা কোভিডের পূর্ববর্তী সময়ে আমাদের যে পাসের হার ছিল, স্বাভাবিক সময়ে, তার সঙ্গে খুব সঙ্গতিপূর্ণ।”