১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এসেনসিয়াল ড্রাগসের সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

তাদের বিরুদ্ধে কোম্পানির ৩৬ লাখ ১৪ হাজার ৯৪৩ টাকা ক্ষতি করার অভিযোগ আনা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 08:52 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক এহসানুল কবিরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার এই মামলা অনুমোদনের বিষয়টি সাংবাদিকের জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। 

তিনি বলেন, অভিযোগটি অনুসন্ধান করেন দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে একটি দল। এই দলে কমিশনের উপসহকারী পরিচালক এ. এম. তাহেরও আছেন।

অনুসন্ধানের বরাতে দুদক বলেছে, পরিচালনা বোর্ডের অনুমোদন ছাড়াই পাঁচ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়ে পারস্পরিক যোগসাজশে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ইডিসিএলের ৩৬ লাখ ১৪ হাজার ৯৪৩ টাকা আর্থিক ক্ষতি করা হয়েছে।

এই অভিযোগে এহসানুল কবির ছাড়াও বিবাদী করা হবে সাবেক অর্থ পরিচালক (সিসি) মুহাম্মদ খুরশিদ আলম, সাবেক মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) সৈয়দ জহির উদ্দিন জামাল, সাবেক উপ-মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) মো. শওকত আলী, সাবেক উপ-মহাব্যবস্থাপক (ভাণ্ডার) এ. কাইয়ুম খান এবং সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) বিকাশ কুমার সরকারকে।

এদিকে এসেনশিয়াল ড্রাগস কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এম. সামাদ মৃধার বিরুদ্ধে আলাদা একটি অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। 

কমিশন বলেছে, হরমোনাল ওষুধের কাঁচামাল ‘ডেসোগেস্টরেল ইউএসপি’ কেনার নামে সাজানো টেন্ডার, সিন্ডিকেট ও মিথ্যা প্রতিযোগিতার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও পাচার করার অভিযোগ রয়েছে। 

অভিযোগে মার্ক অ্যালারাইজ ইন্টারন্যাশনাল ও রিলায়েন্স ট্রেড ইন্টারন্যাশনালের নামও রয়েছে। এ ঘটনায় অনুসন্ধান চালাতে অভিযোগসংশ্লিষ্ট এম. সামাদ মৃধার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আবেদন করতে কমিশন অনুমোদন পেয়েছে বলেও জানান আক্তার হোসেন ।