Published : 23 May 2026, 10:07 PM
সনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ‘লা-অর্গানিককে’ জরিমানা ও ‘প্রকৃতি ফুড’ সিলগালা করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ।
শনিবার ঢাকার রামপুরা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে বলে বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি বলেছে, ‘লা-অর্গানিকের’ লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ নেই। তারা লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন ও বিপণন করছিল। এর দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তাদের প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই এবং ২০ কেজি বাটার জব্দ করা হয় বলেও জানানো হয়েছে।
রামপুরা বাজার এলাকায় ‘প্রকৃতি ফুড’ নামের প্রতিষ্ঠানটিও লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া ‘সেরেলাক্স’ পণ্য বিপণন করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির প্রায় ৫ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং সেটি সিলগালা করা হয়েছে।