Published : 12 Jun 2026, 05:16 PM
ঢাকার কাফরুলে চলন্ত মোটরসাইকেল চালকের মাথায় ইট দিয়ে আঘাত করার অভিযোগে করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্তকর্তার আবেদনের প্রেক্ষিতে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু৷
মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই হাসিবুর রহমান তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
প্রসিকিউশন পুলিশের এসআই মো. ওয়াজেদ আলী জানিয়েঠছেন, তিন আসামির মধ্যে পারভেজ ও বাবুর পক্ষে জামিন আবেদন করা হয়। তবে আদালত তা নামঞ্জুর করেন। কালুর পক্ষে জামিন আবেদন ছিল না। পরে আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মো. পারভেজকে এভং ইব্রাহিমপুর এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। এছাড়া কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর সদস্যরা।
‘চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার রাত আনুমানিক ১ টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন ভুক্তভোগী রাফি।
র্যাব বলছে, তিনি কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করা হয়৷ এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন চৌধুরী শুক্রবার বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
আসামি গ্রেপ্তারের পর সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলেছে, “ব্যবসা নিয়ে মোটরসাইকেল চালক রাফির সঙ্গে হামলাকারীদের বিরোধ ছিল। কয়েক দিন আগেও এনিয়ে কথা কাটাকাটি হয়।
“ঘটনার দিন (মঙ্গলবার রাতে) রাফি একা বাইক চালিয়ে যাচ্ছিলেন। রাস্তায় কালু ও পারভেজসহ তার সহযোগীরা আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা আটকাতে যায়। কালু তাকে আটকাতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান করা পারভেজ বড় ইটের টুকরা দিয়ে মাথায় আঘাত করে। এতে বাইক চালক পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে অভিযুক্তরা বাইকারকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় এবং বৃহস্পিবার তার অস্ত্রোপচার হয়েছে।”
র্যাব বলেছে, মঙ্গলবার গভীর রাতে কাফরুল থানার পুলিশ পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে।