২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাঙামাটিতে ইউপিডিএফের বিরুদ্ধে সেনা অভিযান

মঙ্গলবার ভোর ৪টায় দুর্গম পাহাড়ে এ অভিযান শুরু হয়, বলছে আইএসপিআর।

রাঙামাটিতে ইউপিডিএফের বিরুদ্ধে সেনা অভিযান
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 05:53 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

পার্বত্য অঞ্চলের রাজনৈতিক দল— ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলছে সেনাবাহিনী।

মঙ্গলবার ভোরে রাঙমাটির ‘দুর্গম পাহাড়ে’ এ অভিযান শুরু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর এক বার্তায় বলেছে। 

আইএসপিআর বলছে, “ভোর ৪টা থেকে ইউপিডিএফের (মূল) বিরুদ্ধে অভিযান চালানো হয়।”

তবে অভিযানের বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাহাড়ের সংঘাত থামাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। যার মধ্য দিয়ে পাহাড়ে তিন দশক ধরে চলে সহিংসতার অবসান ঘটে।

চুক্তির অনেকগুলো ধারা ছিল, যার কিছু তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা হয়; বাকিগুলো ধীরে ধীরে বাস্তবায়নের কথা বলা হয়েছিল। যদিও পাহাড়ি জনগোষ্ঠীর অভিযোগ, সেগুলো বাস্তবায়ন হয়নি।

এই চুক্তির বিরোধিতা করেই ১৯৯৮ সালের জুনে ইউপিডিএফের জন্ম হয়। সংগঠনটি পাহাড়ি তরুণদের মধ্যে অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়।

ফলে ‘আধিপত্য বিস্তারের’ জেরে ইউপিডিএফ ও জেএসএস বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়েছে, সংগঠন দুটির শত শত সদস্যকে প্রাণ হারাতে হয়েছে। আতঙ্কে থেকেছে পাহাড়।

জেএসএস (সন্তু লারমা) থেকে বেরিয়ে কিছু নেতাকর্মী ২০১০ সালে জেএসএস (এম এন লারমা) নামে সংগঠন তৈরি করে।

২০১৭ সালে প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফ থেকে কিছু নেতাকর্মী বেরিয়ে ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে সংগঠন তৈরি করেন।