Published : 16 Jul 2026, 08:03 PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘অনাগ্রহের’ কারণে সরকারি কর্মকর্তাদের মোটরযানের রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ব্যয় অর্ধেক করার প্রস্তাব থেকে সরে এসেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
এতদিন এই ব্যয় ছিল মাসে ৫০ হাজার টাকা, এখন তা ২৫ হাজার টাকা করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ৯ জুলাই চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
এরপর বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসার কথা ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের। সেই বৈঠক না করার পর সন্ধায় ৯ জুলাইয়ের দেওয়া এই চিঠি আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আরেকটি চিঠি দিয়েছে অর্থ বিভাগ।
নতুন চিঠিতে বলা হয়, “২০২৬-২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় ব্যয় স্থগিত বা হ্রাসকরণ নিয়ে ৯ জুলাইয়ের পত্র নিয়ে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”
নতুন চিঠি পাওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে দুইটি চিঠির কথা বলা হয়েছে, এর মধ্যে একটি হল মোটরযানের রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ব্যয় কমানো নিয়ে।”
২০১৭ সাল থেকে সরকারের উপসচিব থেকে শুরু করে ওপরের স্তরের পদের সরকারি কর্মকর্তারা এত দিন গাড়ি কিনতে ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋণ পেতেন। কয়েক দিন আগে এই সুবিধা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
যে কারণে আটকে গেল চিঠি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জেষ্ঠ্য কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ব্যবস্থাটা দীর্ঘ দিন ধরে চলে আসছে, এর সাথে শুধু সরকারি কর্মকর্তারা না, এখানে গাড়ি চালকদেরও স্বার্থ সংশ্লিষ্ট। এই চিঠির পর অনেকেই আপত্তি করেছেন। যার কারণে হচ্ছে না।”
অর্থ মন্ত্রণালয়ের এই চিঠি প্রকাশের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থ বিভাগ থেকে মতামত দিয়ে একটি পত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে ব্যয় ছিল মাসে ৫০ হাজার টাকা, এখন তা ২৫ হাজার টাকা করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
“এ নিয়ে আজকে বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে গাড়ি সেবা নিয়ে অর্থ বিভাগের মতামতসহ আমরা সিদ্ধান্ত নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবকে অবহিত করে অর্থ বিভাগকে জানাব।”
তিনি বলেন, “কিন্তু আজকে আমরা সেই বৈঠকটি করতে পারিনি। বৈঠক আমরা করবো, তবে সেটা কখন তা এখন বলা যাচ্ছে না।”
গাড়ি কেনা ও ব্যবহার সুবিধা
২০১১ সাল থেকে গাড়ি কেনার জন্য যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিবদের সুদমুক্ত ঋণে ১৬ লাখ টাকা দেওয়া শুরু হয়। তৎকালীণ সময়ে গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ দেওয়া হতো ২৫ হাজার টাকা। এরপর রক্ষণাবেক্ষণ বাবদ পর্যায়ক্রমে বিভিন্ন অর্থবছরে বাড়িয়ে যথাক্রমে ৩০, ৩৫, ৪৫ ও সর্বশেষ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়।
এরপর ২০১৭ সালের জুন থেকে উপসচিবদের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে ঘোষণা করে সরকার এবং তাদেরও গাড়ি কেনা বাবদ নগদ ৩০ লাখ এবং রক্ষণাবেক্ষণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়া হয়।
এই গাড়ি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য কেনায় এ ঋণ সুবিধা প্রদান করা হয়। পাশাপাশি মাসিক ৫০ হাজার টাকা করে দেওয়া হয় গাড়ি রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন-ভাতা বাবদ।