২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া গতিশীল করার নির্দেশনা উপদেষ্টার

“দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 07:07 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও গতিশীল করার জন্য বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী।

বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সঙ্গে মতবিনিময়ে এ নির্দেশনা দেন তিনি।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কীভাবে কাজ করছি, সেই কর্মপদ্ধতি সম্পর্কে জানলেন কামাল নাসের চৌধুরী। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী, বর্তমানে নিয়োগ প্রক্রিয়া কীভাবে চলছে, এসব বিষয়ে কথা হয়েছে তার সঙ্গে।

“শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত ও গতিশীল করার ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। আমরাও চেষ্টা করছি, নিয়োগ পরীক্ষাগুলোর কার্যক্রম দ্রুত শেষ করার জন্য।”

মত বিনিময়ের সময় কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, “শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও গতিশীল করার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করা গেলে কর্মসংস্থান ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।”

শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণ ও নিয়োগ প্রদানের প্রতিটি ধাপ যেন স্বচ্ছ ও মেধাভিত্তিক হয়, সে বিষয়েও সতর্ক থাকার জন্য তিনি নির্দেশনা দেন।

মতবিনিময় শেষে তিনি এনটিআরসিএ কার্যালয় ঘুরে দেখেন।