১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভাষা সংগ্রামী আহমদ রফিক আইসিইউতে

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ক্রনিক কিডনি ফেইলিওরসহ নানা জটিলতায় ভুগছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 11:28 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিক রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বুধবার রাতে বারডেমের চিকিৎসক, জাতীয় অধ্যাপক একে আজাদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি আমাদের আইসিইউতে ভর্তি আছেন। তার তো অনেক বয়স হয়েছে, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি।”

সোমবার তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল থেকে বারডেমে স্থানান্তর করা হয় বলে হেলথ অ্যান্ড হোপের পরিচালক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী জানিয়েছেন।

আহমদ রফিককে গত ১১ সেপ্টেম্বর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১২ সেপ্টেম্বর এ হাসপাতালের বিছানায় শুয়েই তার ৯৭তম জন্মবার্ষিকী কাটে। তার আগে এক মাসে দুই দফা ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, আলঝেইমার্স রোগ, পারকিনসন্স রোগ, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, বেডশোর, ফুসফুসের সংক্রমণে ভুগছেন আহমদ রফিক।

তার জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে। মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর রসায়নে পড়তে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ফজলুল হক হলের আবাসিক সুবিধা না পাওয়ায় পরে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে।

১৯৫২ সালে তৃতীয়বর্ষে পড়ার সময় ফজলুল হক হল, ঢাকা হল এবং মিটফোর্ডের ছাত্রদের সঙ্গে সংযোগ রক্ষা করে চলার কাজ করেছেন তিনি। পাশাপাশি সভা-সমাবেশ মিছিলে ছিলেন নিয়মিত।

১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনকারী ছাত্রদের মাঝে একমাত্র তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

১৯৫৫ সালের শেষ দিকে প্রকাশ্যে বেরিয়ে এসে পড়াশোনায় ফেরেন আহমদ রফিক। এমবিবিএস ডিগ্রি নিলেও চিকিৎসকের পেশায় যাননি।

১৯৫৮ সালেই আহমেদ রফিকের প্রথম প্রবন্ধের বই ‘শিল্প সংস্কৃতি জীবন’ প্রকাশ হয়। তারপর লেখালেখিতেই জীবন কাটিয়ে দিয়েছেন। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্রত্ত্বাচার্য উপাধিসহ অনেক সম্মাননা।

আরও পড়ুন-

'জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে' ভাষা সংগ্রামী আহমদ রফিক

জন্মদিনে হাসপাতালের বিছানায় আহমদ রফিক

ভাষা সংগ্রামী আহমদ রফিক আবার হাসপাতালে

ভাষা সংগ্রামী আহমদ রফিক হাসপাতালে

একই আক্ষেপ বয়ে বেড়াচ্ছেন আহমদ রফিক