ঈদের তৃতীয় দিন কোরবানি না করার অনুরোধ মেয়র তাপসের
একটানা ৭২ ঘণ্টা বর্জ্য অপসারণের কাজ চলবে, ফলে ঈদের তৃতীয় দিনে পরিচ্ছন্নতা কর্মীদের ফের মাঠে নামতে হলে সেটা ‘অমানবিক হয়ে যাবে’ বলে মন্তব্য করেন মেয়র।
বর্জ্য অপসারণের সুবিধার্থে ঢাকায় ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
ঈদের আগে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে গিয়ে মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের সামনে এ বিষয়ে কথা বলেন।
মেয়র বলেন, “ঈদুল আজহা উপলক্ষে আমরা ব্যাপক কর্মযজ্ঞের প্রস্তুতি নিয়েছি কোরবানির পশুর বর্জ অপসারণের জন্য। আমি বিনীত নিবেদন করব, যাতে করে দুই দিনের মধ্যেই ঈদের দিন ও পরবর্তী দিনের মধ্যেই যেন সকল পশু কোরবানির কার্য্ক্রম সম্পন্ন করা হয়।
“তৃতীয় দিনের জন্য যেন পশু কোরবানির জন্য রাখা না হয়, দ্বিতীয় দিনের মধ্যেই সকল পশু কোরবানির কার্য্ক্রমটা যেন সম্পন্ন করা হয়।”
তৃতীয় দিনে কোরবানি হলে বর্জ অপসারণের জটিলতা তুলে ধরে তিনি বলেন, “আমরা দেখেছি অনেকদিন ধরেই তৃতীয় দিনে অনেকে পশু জবাই দিয়ে থাকেন। সেই জায়গাটাতে আমি মনে করছি যে, তৃতীয় দিন হলে আমাদের জন্য দূরুহ হয়ে যাবে।
“কারণ সকল কার্যক্রম ৭২ ঘণ্টা পরে কিন্তু বিশ্রাম দিতে হবে। একটানা ৭২ ঘণ্টা চলবে। সেজন্য এটা অমানবিক হয়ে যায় যে তাদেরকে (পরিচ্ছন্নতা কর্মী) দিয়ে আবার কাজ করানো। সেজন্য আমি এই বিনীত অনুরোধ করেছি।”
ঈদের আগের রাত থেকেই অপসারণ শুরু
ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ঈদের আগের রাত থেকেই বর্জ অপসারণ শুরু হবে বলে জানিয়েছেন মেয়র তাপস।
“রাত ১২টার পর থেকে পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম আমাদের শুরু হবে। পরদিন ঈদের দিন দুপুর ২টা থেকে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে আমরা তদারকি শুরু করব।”
মেয়র বলেন, “আপনারা লক্ষ করেছেন, গতবছরও আমি যেটা বলেছিলাম যে, ২৪ ঘণ্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করব; আমরা সেটা সফলভাবে করতে পেরেছি। এবারও আমাদের সেরকম প্রস্তুতি।
“আমরা প্রায় সাড়ে তিনশ যন্ত্রপাতি ব্যবহার করব। প্রায় ১০ হাজার জনবল মাঠপর্যায় নিয়োজিত থাকবে। আমরা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে কার্যক্রম তদারকি করব। আমাদের কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক ও হাটভিত্তিক তদারকি করার জন্য। সুতরাং সকল প্রস্তুতি আমরা নিয়েছি। ইনশাল্লাহ আমরা এবারও সফল হব।”
বর্জ্য নির্দিষ্ট জায়গায় রাখার জন্য যারা কোরবানি দেবেন তাদের ব্যাগ, ব্লিচিং পাউডার ও স্যাভলন দেওয়া হচ্ছে বলেও জানান মেয়র।
