১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

বৃষ্টির রাজত্বে চাপে দক্ষিণ আফ্রিকা

গেবেখায় দ্বিতীয় দিনের শেষ সেশনে স্বাগতিকদের তিন উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

বৃষ্টির রাজত্বে চাপে দক্ষিণ আফ্রিকা

স্কট বোল্যান্ডকে ঘিরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উল্লাস। ছবি: অস্ট্রেলিয়ান মেন'স ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 10:54 PM

Updated : 19 Oct 2026, 11:43 PM

লম্বা সময় ধরে চলল বৃষ্টি। তাতে ভেস্তে গেল দিনের প্রথম দুই সেশন। রোদের দেখা মেলার পর শেষ সেশনে ফের আলো ছড়ালেন স্কট বোল্যান্ড। আরও দুটি শিকার ধরলেন অস্ট্রেলিয়ান পেসার।

বোল্যান্ডের ছোবলে গেবেখায় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার ওপর চাপ বেড়েছে আরও। পাঁচ উইকেটে ৯৭ রান নিয়ে সোমবার দিন শেষ করেছে তারা।

স্বাগতিকদের টানছেন অধিনায়ক টেম্বা বাভুমা। একটি ছক্কা ও পাঁচটি চারে ৪১ রানে খেলছেন তিনি। ২ রানে খেলছেন ভিয়ান মুল্ডার।

দক্ষিণ আফ্রিকার পাঁচ উইকেটের চারটিই বোল্যান্ডের শিকার। অন্য উইকেটটি গতিময় পেসার মিচেল স্টার্কের। অসুস্থতায় এদিন মাঠে নামেননি অভিজ্ঞ পেসার জশ হেইজেলউড।

বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয় কেবল ১২.২ ওভার। আর দ্বিতীয় দিন খেলা হলো ৩০.৪ ওভার।

দীর্ঘ অপেক্ষার পর খেলা শুরু হলে, দিনের তৃতীয় ওভারে ছোবল দেন বোল্যান্ড। অভিষিক্ত মার্কাস অ্যাকারম্যানকে কট বিহাইন্ড করে দেন তিনি।

ম্যাথু ব্রিটস্কিকে টিকতে দেননি স্টার্ক। শরীর থেকে দূরের বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড হন ব্রিটস্কি। ৪০ রানে চতুর্থ উইকেট হারানো প্রোটিয়াদের হাল ধরার চেষ্টা করেন রায়ান রিকেলটন ও বাভুমা। তাদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে মনে হচ্ছিল, আর উইকেট হারাবে না দক্ষিণ আফ্রিকা।

৩৮তম ওভারে এই জুটি ভাঙার সুযোগ পায় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের বলে লেগ স্লিপে রিকেলটনের সহজ ক্যাচ ছাড়েন মার্নাস লাবুশেন। তখন ২৬ রানে খেলছিলেন রিকেলটন।

সেই আক্ষেপে অবশ্য বেশিক্ষণ পুড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। এক ওভার পরই রিকেলটনকে (৫ চারে ৩১) ফিরিয়ে ৫২ রানের জুটি ভাঙেন বোল্যান্ড। স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন ম্যাট রেনশ।

দিনের বাকি সময় নিরাপদে কাটান বাভুমা ও মুল্ডার।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৩ ওভারে ৯৭/৫ (আগের দিন ২০/২) (অ‍্যাকারম‍্যান ৬, বাভুমা ৪১*, ব্রিটস্কি ৪, রিকেলটন ৩১, মুল্ডার ২*; স্টার্ক ১০-২-২৭-১, হেইজেলউড ৫-২-৩-০, বোল্যান্ড ১৪-৫-৪১-৪, কামিন্স ১০-২-৩৩-০, ওয়েবস্টার ৪-৩-১-০)