১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ে লুলাকে অভিনন্দন শেখ হাসিনার

দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে লুলা দ্য সিলভার সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন শেখ হাসিনা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ে লুলাকে অভিনন্দন শেখ হাসিনার

শেখ হাসিনা ও লুলা দ্য সিলভা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 09:54 PM

Updated : 31 Oct 2022, 09:54 PM

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুইস ইনাসিও লুলা দ্য সিলভাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আপনার অসাধারণ বিজয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।” 

বাংলাদেশ ও ব্রাজিলের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের বিস্তৃত বাণিজ্য ও বিনিয়োগ এই সম্পর্ককে জোরদার করেছে। সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের বন্ধন গভীর ও প্রশস্ত হচ্ছে। 

দুই দেশের জনগণের স্বার্থে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে ব্রাজিলের আগামী প্রেসিডেন্ট লুলার সঙ্গে কাজ করতে আগ্রহের কথাও জানান প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, “মহামারী থেকে পুনরুদ্ধারের চেষ্টায় এবং ইউক্রেইন যুদ্ধে সৃষ্ট সংকটের এই কঠিন সময়ে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা কাজ করতে পারি।” 

লুলা দ্য সিলভার ব্যক্তিগত সুস্বাস্থ্য এবং ব্রাজিলের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন শেখ হাসিনা। 

রানঅফ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে বর্তমান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুলা। আসছে ১ জানুয়ারি ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদ। 

এর আগে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা; ওই সময় লাতিন আমেরিকার অনেক দেশে নির্বাচনের জিতে বামপন্থিরা ক্ষমতায় এসেছিল।