Published : 12 Jul 2025, 05:30 PM
ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যার ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন।
তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে দুজনকে ধরেছে র্যাব।
বুধবার বিকালে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, ওই হত্যাকাণ্ডে যাদের অংশ নিতে দেখা গেছে এবং নেপথ্যে যাদের নাম আসছে, তারা সবাই পূর্ব পরিচিত। একসময় তাদের কয়েকজন সোহাগের ব্যবসার সহযোগী ছিলেন। ব্যবসা সংক্রান্ত বিরোধে এমন ভয়ংকরভাবে কাউকে হত্যা করা হতে পারে, তা পরিচিতজনদের ধারণারও বাইরে।
এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার মামলা করেন। এরপর পুলিশ মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে। এ সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এরপর শুক্রবার কেরাণীগঞ্জ ইবনে সিনা হাসপাতাল থেকে আলমগীর (২৮) ও মনির ওরফে লম্বা মনির (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করে র্যাব।
উপ কমিশনার জসিম উদ্দিন জানান, শুক্রবার গভীররাতে টিটন গাজী (৩২) নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি বলেন, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের পরের দিন ঘটনার লোমহর্ষক ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, মিটফোর্ডের ৩ নম্বর গেটের ভেতর থেকে প্রায় বস্ত্রহীন ও রক্তাক্ত এক যুবককে দুইজন টেনেহিঁচড়ে বের করে এনে গালে চড় মারছেন একজন। আরেকজনকে বুকের ওপর লাফাতে দেখা যায়। আরেকজন এসে প্রায় নিস্তেজ যুবকের মাথায় লাথি মারে এবং একপর্যায়ে পাশে থাকা কংক্রিট দিয়ে মাথায় আঘাত করে।
এ ঘটনার তদন্তভার থানা পুলিশের ওপর থাকলেও অন্য সংস্থাগুলোও কাজ করছে বলে জানান উপ কমিশনার জসিম উদ্দিন।
এ নৃশংস হত্যাকাণ্ডের পর বিএনপির তিন অঙ্গ সংগঠনের পাঁচজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি; স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে ‘স্বেচ্ছাসেবক কালু’ এবং ছাত্রদলের চকবাজার শাখার সদস্য সচিব অপু দাস ও মাহমুদুল হাসান মাহিন।