প্রাথমিকের প্রধান শিক্ষকের ৩৪ হাজার পদ পূরণের উদ্যোগ
মামলা নিষ্পত্তির পর পদোন্নতির মাধ্যমে ৩১ হাজার ৪৫৯টি পদ পূরণ করা হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার পর এবার ৩৪ হাজার শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, সরাসরি নিয়োগযোগ্য ২ হাজার ৩৮২টি পদে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্ম কমিশন-পিএসসিকে চিঠি দেওয়া হয়েছে। আর বাকি পদগুলো মামলা শেষে পদোন্নতির মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫০২টি।
বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে ৩১ হাজার ৩৯৬ জন কর্মরত। শূন্য পদ রয়েছে ৩৪ হাজার ১০৬টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শূন্য পদগুলোর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য ২ হাজার ৬৪৭টি। সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর ১০ শতাংশ পদ সংরক্ষণ করে অবশিষ্ট ২ হাজার ৩৮২টিতে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরই মধ্যে মন্ত্রণালয় থেকে পিএসসি সচিবালয়ে চাহিদা পাঠানো হয়েছে। সরাসরি নিয়োগযোগ্য প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য শিগগির পিএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
এতে বলা হয়, জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত দেওয়ানি আপিল মামলা (নম্বর-৭৩/২০২৩) নিষ্পত্তি হওয়ামাত্র সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতিযোগ্য ৩১ হাজার ৪৫৯টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।
এ নিয়োগ সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবলের ঘাটতি পূরণ হবে বলে মন্ত্রণালয় বলছে।
সোমবার সারাদেশের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে।
আরও পড়ুন:
