১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেট্রোর লাইনে ‘ড্রোন’, ৯ মিনিট ট্রেন চলাচল বন্ধ

উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝের একটি অংশে ড্রোনটি পড়েছিল।

মেট্রোর লাইনে ‘ড্রোন’, ৯ মিনিট ট্রেন চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশনে শনিবার দুপুরে প্রবেশ করছে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেল। ছবি: তাওহীদুজ্জামান তপু

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

মেট্রোরেলের লাইনের ওপর একটি ‘ড্রোন’ পড়ে থাকার কারণে রাতে ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিল।

শনিবার রাত ৮টা ৪৭ থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত ৯ মিনিট মেট্রো ট্রেন বন্ধ রাখার কথা বলেছে কর্তৃপক্ষ।

উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝের একটি অংশে ড্রোনটি পড়ছিল বলে জানান মেট্রোরেলের উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ড্রোন পড়ায় রেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। আট মিনিট বন্ধ রাখার পর ড্রোন অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু করা হয়েছে।

তবে ড্রোনটি কার কিংবা কোথা থেকে ওড়ানো হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি।

সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে এজন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।