Published : 24 Aug 2026, 08:48 PM
প্রযুক্তির মাধ্যমে হওয়া জেন্ডার সহিংসতার বিষয়টি সাইবার সুরক্ষা আইনে যুক্ত করার দাবি জানিয়েছে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি তোলে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে ছয় দফা সুপারিশ তুলে ধরেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্র চাকমা ও বাংলাদেশ যুব ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিপির ইনজামুল হক ও ছাত্রদলের নাসরিন রহমান পপি।
সংবাদ সম্মেলনে সাইবার সুরক্ষা আইনে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ও সুলতানা জেসমিন জুঁই।
বক্তারা বলেন, নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতাকে স্বতন্ত্র ও গুরুতর অপরাধ হিসেবে আইনি স্বীকৃতি দিতে হবে।
ফোরামের পক্ষ থেকে ছয় দফা সুপারিশ তুলে ধরে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা শুধু সাইবার অপরাধ নয়; এটি মানবাধিকার, ব্যক্তিগত নিরাপত্তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সমান অংশগ্রহণের পথে বড় বাধা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের দপ্তর সম্পাদক শাহীনূর নারগিস বক্তব্য দেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে এ ফোরাম গঠিত।