২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

গত ১০ মে এক গণবিজ্ঞপ্তিতে একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2025, 12:11 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে’ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারা মোতাবেক সচিবালয় এবং যমুনা ও আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এর আগে গত ১০ মে এক গণবিজ্ঞপ্তিতে একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারও আগে ১৩ মার্চ এক গণবিজ্ঞপ্তিতে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়, যাতে যমুনার আশপাশের এলাকা হিসেবে শাহবাগের নামও ছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে’ পুলিশ কমিশনার লিখিত আদেশ দিয়ে যেকোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখার সুযোগ নেই।