Published : 03 May 2026, 04:28 PM
দুই দশক আগে সাভারের আমিনবাজার এলাকায় এক ট্রলার চালককে হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মাসুদ রোববার এ মামলার রায় ঘোষণা করেন।
আসামি আব্দুল মান্নান এবং চান মিয়া ওরফে মারুফকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াউল হক (জিয়া) জানান, রায় ঘোষণার সময় মান্নান আদালতে উপস্থিত ছিল। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
আর মারুফ পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৬ জুলাই বিকেলে সাভারের আমিনবাজার এলাকার ট্রলার চালক মর্তুজা আলী ডিজেল কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ৩০ জুলাই শ্যামলাসি হাওরের কচুরিপানার মধ্য থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মর্তুজার চাচা মো. ইব্রাহিম বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৬ সালের ২৮ মে তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুস সাত্তার আদালতে অভিযোগপত্র দেন।
তদন্তে জানা যায়, আসামি মান্নান ও চান মিয়া ঘটনার দিন সন্ধ্যায় মর্তুজার ট্রলারটি ভাড়া করে দক্ষিণ দিকে নিয়ে যায়। পথে তারা তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়।
পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে তাদের কাছ থেকে ট্রলারটি উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
বিচার চলাকালে আদালত মোট ৭ জন সাক্ষীর জবানবন্দি শোনে। আসামি মান্নান আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেন।
মারুফ পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রোববার দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিল।