১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির নির্দেশনা

সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 01:52 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে শুক্রবার রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচলে কিছু নিয়ন্ত্রণ আনছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রার রুট হবে—ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাই কোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপ শাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক।

শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং না করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ। একইসঙ্গে বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইটারসহ কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বস্তু বহন না করতে বলা হয়েছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়, শোভাযাত্রায় অংশ নিতে হলে শুরুতেই এতে যোগ দিতে হবে। মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না। শোভাযাত্রা চলাকালে রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া থেকেও বিরত থাকতে হবে।

সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছে ডিএমপি।

জন্মাষ্টমীর শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ।