২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে ঢাকায় আসছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

এই সফর দ্বিপক্ষীয় ‘সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 03:38 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েডং এপ্রিলের শুরুতে ঢাকায় আসছেন। চতুর্দশ বাংলাদেশ-চীন কূটনৈতিক পরামর্শসভায় চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকায় দেশেটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২-৩ এপ্রিল দুইদিনের সফরে বাংলাদেশে আসবেন সুন ওয়েডং।

বিএনপির নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই কোনো দেশের উচ্চ পর্যায়ের প্রথম সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরামর্শসভায় বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার নতুন পথ অন্বেষণ করা হবে।

ওই সফরে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে তার সাক্ষাতের কথাও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘস্থায়ী সমর্থন এবং অবদানের কথা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আশা প্রকাশ করেছেন, নতুন সরকার গঠনের পরের এই সফর দ্বিপক্ষীয় ‘সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে’।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও অংশ নেন।

স্পিকার হাফিজ উদ্দিনকে অভিনন্দন

জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রমকে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি।

বৃহস্পতিবার স্পিকার নির্বাচিত হওয়ার পরপরই তার কাছে অভিনন্দন বার্তা পাঠানোর কথা জানিয়েছে ঢাকায় চীনা দূতাবাস।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিনন্দন বার্তায় ঝাও লেজি বলেছেন, চীন ও বাংলাদেশের রয়েছে দীর্ঘদিনের বন্ধুত্ব। দুদেশের সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্বকে আরও উচ্চ পর্যায়ে নিতে ন্যাশনাল পিপলস কংগ্রেসের সঙ্গে জাতীয় সংসদের আরও সহযোগিতার বিষয় পুনর্ব্যক্ত করেছেন তিনি।