১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মন্ত্রিপরিষদ সচিবের নামে দূতাবাসে তথ্য চাওয়ার ঘটনা তদন্ত করছে পুলিশ

এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে’ আশঙ্কা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ সচিবের নামে দূতাবাসে তথ্য চাওয়ার ঘটনা তদন্ত করছে পুলিশ
প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 11:33 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

বাংলাদেশের একটি মোবাইল ফোন নম্বর ব্যবহার করে মন্ত্রিপরিষদ সচিবের নামে বিভিন্ন দূতাবাসে স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। 

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজি সরদার নূরুল আমিন বলছেন, ‘বাংলাদেশের বাইরে থেকেই’ এ কাজ করা হয়েছে বলে জানতে পেরেছেন তারা। 

জানতে চাইলে রোববার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নম্বরটি ক্লোন করে বাংলাদেশের বাইরে থেকে ফোন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

গত ৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন দূতাবাস থেকে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়। 

কেউ একজন +৮৮০১৬৩৫৬০১১২১ নম্বর ব্যবহার করে ভারতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে,  নাইজেরিয়ায় বাংলাদেশ হাই কমিশনে, নাইজেরিয়ায় বাংলদেশ হাই কমিশনের মিনিস্টার এবং কানাডা মিশনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন।

চিঠিতে বলা হয়, "এ ধরনের প্রতারণামূলক কার্যকলাপ দেশের নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং সরকারের ভাবমূর্তির জন্য ঝুঁকিপূর্ণ। এর মাধ্যমে সংবেদনশীল তথ্য ফাঁসের আশঙ্কা সৃষ্টি হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হমকিস্বরূপ।"

এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে’ বলে চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়।

চিঠিতে ওই ফোন নম্বর ব্যবহারকারী ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, পুলিশের আইজি, এসবির অতিরিক্ত আইজি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালককে ওই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

এদিকে চিঠির সূত্র ধরে এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য দিয়ে ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান শফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, " সুলতান উদ্দিন আহমেদকে (৬৪) আমরা রোববার ভোরে বাড্ডা থেকে গ্রেপ্তার করেছি। তিনি নিজেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর, কখনো বিশিষ্ট কিছু ব্যক্তির পরিচয় দিয়ে বিভিন্ন দেশের বাংলাদেশের দূতাবাসে ফোন করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করতেন।"

কেনিয়া, সাউথ আফ্রিকা বাংলাদেশের দূতাবাসে ফোন করেছে এমন তথ্য তার মোবাইল ফোনেও পাওয়া গেছে।

রোববার তাকে আদালতে পাঠিয়ে দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম।