সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন রিমান্ডে
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. ফরহাদ কালাম সুজন আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার সকালে ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
অন্য দুই আসামি হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু মুসা আনসারী (৫৬) এবং ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য জানিয়েছেন।
ভাটারা থানা এলাকার বসুন্ধরা এবং ছুলমাইদ এলাকায় শনিবার রাত সাড়ে ১১টা থেকে টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে ছানোয়ারসহ আওয়ামী লীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. ফরহাদ কালাম সুজন রোববার আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আদালত তখন তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ঠিক করেন।
সকালে আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আর রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন গত ৫ অগাস্টে সকাল ১০টার দিকে ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে মিঠুন ফকির (২৮) অংশ নিয়েছিলেন। ওই সময় তিনি আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ফকির গত ১১ অগাস্ট হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
এ ঘটনায় ফকির ৮৮ জনকে এজাহারভুক্ত করে এবং দুই শাতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ভাটারা থানায় মামলা করেন।
গ্রেপ্তার তিনজনের মধ্যে সাবেক এমপি ছানোয়ার এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু মুসা সন্দেহভাজন আসামি। এছড়া ঢালী ওই মামলায় এজাহারভুক্ত আসামি।
ছানোয়ার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দীকিকে পরাজিত করে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।
