নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাস মজুমদার ৫ দিনের রিমান্ডে
রাজধানীর পীরেরবাগ থেকে গেল সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সম্পাদক নিবাস মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা এ তথ্য দিয়েছেন।
রাজধানীর মিরপুর থানা এলাকার পীরেরবাগ থেকে গেল সোমবার নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি নিবাস মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান।
ওইদিন আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখেন রোববার। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।
এসআই আরিফ রেজা বলেন, শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের আর্জি জানায়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে।
মামলার বিবরণীতে বলা হয়েছে, গেল ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন।
মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান।
এ ঘটনায় পুলিশ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে।
