‘নবীন কর্মকর্তা’ বিবেচনায় লঘুদণ্ড মওকুফ
গত ২৩ জানুয়ারি সহকারী কমিশনার ফয়জুন্নেছাকে দুই বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণের লঘুদণ্ড দেওয়া হয়েছিল, যা মওকুফ করেছেন রাষ্ট্রপতি।
নামজারি মামলায় পক্ষপাতদুষ্ট আচরণ করায় দুই বছরের জন্য বেতন কমানোর সাজা পেয়েছিলেন ঢাকার মতিঝিল রাজস্ব সার্কেলের সাবেক সহকারী কমিশনার (ভূমি) ফয়জুন্নেছা আক্তার। তবে ‘নবীন কর্মকর্তা’ হিসেবে রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করে দিয়েছেন।
বর্তমানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকারী ফয়জুন্নেছাকে দায় থেকে অব্যাহতির বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, ফয়জুন্নেছা আক্তার লঘুদণ্ডাদেশ থেকে অব্যাহতির জন্য নির্ধারিত সময়ের মধ্যে আপিল আবেদন করলে রাষ্ট্রপতি সদয় হয়ে আপিলকারী একজন নবীন কর্মকর্তা এবং তার চাকরির বয়স বিবেচনা করে তার আবেদন মঞ্জুর করে তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বছর চারেক আগে পুরানা পল্টনের ৮৭ নম্বর হোল্ডিংয়ের জমি নামজারি (ভূমি মালিকানার তথ্য হালনাগাদ) করতে আবেদন করেন ‘গোল্ডেন সন লিমিটেড’ নামের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ। তবে তা পরিত্যক্ত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত থাকার অজুহাত দেখিয়ে নামজারি আবেদন নামঞ্জুর করেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ফয়জুন্নেছা।
কিন্তু গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তফসিল অনুযায়ী সম্পত্তিটি পরিত্যক্ত তালিকা থেকে অবমুক্ত করা আছে। ওই হোল্ডিংয়ের অন্য দুটি নামজারি আবেদন ফয়জুন্নেছা অনুমোদন দেন, যা অভিযোগকারী প্রতিষ্ঠানের পরপর দুটি নামজারি আবেদনের মধ্যবর্তী সময়ে দাখিল করা হয়।
ফয়জুন্নেছা যথাযথ প্রক্রিয়া সম্পন্ন না করে নামজারি আবেদন নামঞ্জুর করেন। ফলে তিনি জেনেশুনে অভিযোগকারী প্রতিষ্ঠান গোল্ডেন সন লিমিটেডকে কাঙ্ক্ষিত সেবা দেননি বলে তদন্তে প্রমাণিত হয়।
এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অনুযায়ী গত ২৩ জানুয়ারি ফয়জুন্নেছাকে দুই বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণের লঘুদণ্ড দেওয়া হয়। তাতে ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০-৬৭ হাজার ১০ টাকা বেতন স্কেলের নিম্নধাপ ৩৫ হাজার ৫০০ টাকা মূল বেতনে অবনমিত হয়েছিলেন ফয়জুন্নেছা।
