২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাছ কাটা ও রোপণে নীতিমালা প্রণয়ন প্রশ্নে হাই কোর্টের রুল

দেশে গাছ লাগানো ও গাছ কাটা নিয়ে কোনো নীতিমালা নেই বলে রিটকারী আইনজীবীর ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2024, 08:29 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

গাছ রোপণ ও কাটার ক্ষেত্রে নীতিমালা না করা এবং তাপপ্রবাহ  নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।

এ সংক্রান্ত একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

রিটের শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

পরে তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, কুষ্টিয়ায় সামাজিক বনায়নের আওতায় কয়েক হাজার গাছ কাটা এবং তাপদাহ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট করা হয়। 

গাছ লাগানো ও গাছ কাটা  নিয়ে পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়। তারা প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় রিটি দায়ের করা হয়।

“কুষ্টিয়ায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় ১০ বছর আগে কয়েক হাজার গাছ লাগানো হয়। সেই গাছগুলোর মধ্যে গত বছর ১০ হাজার গাছ কেটে ফেলা হয়। সম্প্রতি আরও ৩ হাজার গাছ কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়।”

বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আসে জানিয়ে তিনি বলেন, “আমাদের দেশে গাছ লাগানো ও গাছ কাটা নিয়ে কোনো নীতিমালা নেই।” 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। 

তাদেরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।