২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০৩১ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে, ২০৩৫ আসর যুক্তরাজ্যে

আগামী বছর ফিফা কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ার ব্যাপার আছে বটে, তবে সেটা কেবলই আনুষ্ঠানিকতা।

২০৩১ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে, ২০৩৫ আসর যুক্তরাজ্যে
উয়েফা কংগ্রেসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2025, 08:13 AM

Updated : 26 Aug 2026, 12:25 PM

আগামী বছর ছেলেদের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র আরেকটি বিশ্বকাপ আয়োজন করবে পাঁচ বছর পরই। ২০৩১ ফিফা উইমেন’স বিশ্বকাপের স্বাগতিক দেশ তারা। নারী বিশ্বকাপের পরের আসর ২০৩৫ সালে হবে যুক্তরাজ্যে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার এই দুই বিশ্বকাপের স্বাগতিকের নাম ঘোষণা করেন।

আগামী বছর ফিফা কংগ্রেসে অবশ্য অনুমোদনের ব্যাপার আছে দুই স্বাগতিকের। তবে সেটা এখন কেবলই আনুষ্ঠানিকতা। 

সার্বিয়ার বেলগ্রেডে উয়েফা কংগ্রেসে ইনফান্তিনো জানান, ২০৩১ আসরের জন্য যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ প্রস্তাব করেনি। ২০৩৫ বিশ্বকাপের জন্যও একমাত্র বৈধ বিড যুক্তরাজ্যের। 

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্য গঠিত। খেলা হবে এই চার দেশেই। ২০৩১ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে কনক্যাকাফ অঞ্চলের অন্য কোনো দেশ যুক্ত হতে পারে।

ফিফা উইমেন'স বিশ্বকাপের ট্রফি। ছবি: রয়টার্স।

ফিফা উইমেন'স বিশ্বকাপের ট্রফি

প্রথম দেশ হিসেবে তৃতীয়বার নারী বিশ্বকাপের স্বাগতিক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগে ১৯৯৯ ও ২০০৩ আসর তারা আয়োজন করেছিল পরপর। টুর্নামেন্টে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তাদের। 

যুক্তরাজ্য নারী বিশ্বকাপ আয়োজন করবে প্রথমবার। ছেলেমেয়ে মিলিয়ে সেখানে বিশ্বকাপ হবে ৬৯ বছর পর। সবশেষ ১৯৬৬ সালে ছেলেদের বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড। 

নারী বিশ্বকাপের আগামী আসরের স্বাগতিক ব্রাজিল। ২০২৭ সালের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ৩২ দলের আসরে ম্যাচ হবে ৬৪টি। 

 ২০৩১ আসর থেকেই ৩২ দল থেকে বেড়ে বিশ্বকাপ হবে ৪৮ দলের। 

নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০২৩ সালে যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনালে সিডনিতে প্রায় ৭৬ হাজার দর্শকের সামনে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পায় স্প্যানিশরা।