Published : 09 Apr 2026, 08:07 PM
পাস হওয়া বিল নিয়ে আপত্তি তুলে ওয়াকআউটের পর মাগরিবের নামাজ শেষে পুনরায় সংসদ অধিবেশনে ফিরেছেন বিরোধীদল জামায়াতে ইসলামীর এমপিরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে চলা অধিবেশনে পুনরায় বসে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, “সকল বিষয়ে একমত হব এটা স্বাভাবিক না। আমরা যেটা যৌক্তিক মনে করব সেটাতে আমরা আগেই বলেছি আমরা একমত হব, সহযোগিতা করব।
“যেটা আমাদের যুক্তিতে ধরবে না, এটার আমরা বিরোধিতা করব। এটা আমাদের দায়িত্ব।”
এরপর তিনি ডেপুটি স্পিকারকে বলেন, সংসদ থেকে ওয়াকআউট করা কোনো ‘অপরাধের পর্যায়ে পড়ে কিনা’।
জবাবে ডেপুটি স্পিকার বলেন, “আমরা সকলে জানি এটা ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড প্র্যাকটিস।”
পরে শফিকুর রহমান বলেন, “তা আমাদের রাইটস আছে। সেই রাইটসের বলে আমরা যা উপযুক্ত মনে করেছি আমরা আগের আলোচনায়, আমরা সেরকমই করেছি।”
বিরোধীদলীয় নেতা বলেন, “সংসদে সিনিয়র সদস্যরা আগেও ছিলেন, এখনও আছেন, তাদের কাছ থেকেই নতুন সদস্যরা শিখতে চান। তবে বিরোধীদল কক্ষ ত্যাগ করার পর যদি ‘ডেরোগেটরি কমেন্ট’ (অবমাননাকর মন্তব্য) করা হয়, তাহলে পরিবেশ ক্ষুণ্ন হয়।”
শফিকুর রহমান বলেন, “আমরা কি সরকারি দলকে জিজ্ঞেস করে ওয়াকআউট করব এবং আবার ফিরে আসব?”
তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিতে চাইলে ডেপুটি স্পিকার তাকে বসতে বলেন।
ডেপুটি স্পিকার বলেন, “দয়া করে বসুন, হাম্বলি রিকোয়েস্ট টু টেক ইয়োর সিট, প্লিজ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যেহেতু বিরোধীদলীয় নেতা দাঁড়িয়েছিলেন সেজন্য উনাকে ফ্লোর দেওয়া হয়েছে, যদি সংসদ নেতা দাঁড়াতেন উনাকে ফ্লোর দিতাম। আপনি অনুগ্রহ করে বসুন। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস, প্লিজ টেক ইয়োর সিট।
“মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন দয়া করে, আমাদের বিলগুলো পাস করতে হবে, সেজন্য অনেক কার্যক্রম হাতে আছে।”
এরপরও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে চাইলে ডেপুটি স্পিকার বলেন, “লেট আস ডিসিপ্লিনড আওয়ারসেলভস। উই আর অনারেবল মেম্বারস অব দিস হাউজ।”
পরে সুযোগ দেওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিরোধীদলের নেতার প্রতি সম্মান প্রদর্শন করে, উনারা ওয়াকআউট করার সময় আমি জাস্ট দাঁড়িয়ে বলেছিলাম, আইন প্রণয়নের সব স্টেপস পার হয়ে যাওয়ার পরে এটা কীরকম ওয়াকআউট, সেটি আমি বুঝতে পারি নাই।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “তবে ধন্যবাদ জানানোর জন্যে দাঁড়িয়েছিলাম যে উনারা প্রত্যেকটা স্টেপে ফার্স্ট, সেকেন্ড, থার্ড রিডিং পর্যন্ত প্রত্যেকটা আইনে সহায়তা করেছেন। এর বাইরে আমরা কোনো কথা আলাপও করি নাই এবং কোন ক্রিটিসিজমও করি নাই। এখন বাইরের আলাপ যদি আপনি ভেতরে আনতে পারেন সেটা অন্য কথা, কিন্তু রেকর্ডে কিছু নাই।”
এর আগে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল, ২০২৬ পাসের পর সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন শফিকুর রহমান।
তখন তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এজন্য এখন সংসদ থেকে ওয়াকআউট করছি।”
এরপর জামায়াতে ইসলামীর সদস্যসহ বিরোধী জোটের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
আরও পড়ুন-