Published : 11 Aug 2025, 03:47 PM
চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ‘চাঁদা চাওয়ার’ কথোপকথনের ভিডিও ফাঁসের পর জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চট্টগ্রামের এক নেতাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে দলটি।
অভিযুক্ত নিজাম উদ্দিন সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী।
সোমবার দলের চট্টগ্রাম মহানগর শাথা থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে থাকা অবস্থায় চাঁদা দাবির অভিযোগে তার সদস্য পদ স্থগিত করা হয়েছিল। যদিও পরে তা ফিরিয়ে দেওয়া হয়। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন।
চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে চাঁদা চাওয়া নিয়ে নিজাম উদ্দিনের সাথে আরেক ব্যক্তির কথোপকথনের একটি ভিডিও রোববার ছড়িয়ে পড়ে।
কথোপকোথনের বিষয়টি বর্ণনা করে এনসিপির মহানগর শাথার দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত নোটিসে বলা হয়,”এ বিষয়টির কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।”
চিঠিতে কেন তার (নিজাম উদ্দিন) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।”
এদিকে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে হেয় করার জন্য এ ধরনের (টাকা চাওয়া) অপপ্রচার চালানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আমি জবাব দেব।”
রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ম্যাসেঞ্জারে এক জনের সাথে কথা বলতে দেখা যায় নিজাম উদ্দিনকে। যেটি অন্য একটি মোবাইল থেকে ভিডিও করা হয়েছে।
এক মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে ম্যাসেঞ্জারে কথা বলা যুবক নিজাম উদ্দিনকে ভাই সম্বোধন করে বলেন, “যদি মীর ভাইরা আন্দোলন বন্ধ না করে, তখন কী করব?”
নিজাম উদ্দিন বলেন- “তোমারে টাকা দিছে? পাল্টা জবাবে ওই যুবক বলেন, ‘হ্যাঁ ভাই’।
এসময় নিজাম কত টাকা দিয়েছে জানতে চাওয়ার পর ওই যুবকের উত্তর ছিল ‘পাঁচ’।
তখন নিজাম বলেন, “আরও বেশি নিতা প্রেশার দিয়ে।”
তখন ওই যুবক পাল্টা বলেন, “না ভাই আমারতো ফ্যামিলি মেম্বার। আমি কেমনে বলি?”
নিজাম বলেন, “আন্দোলন বন্ধ করতে হবে না?”
ওই যুবক বলেন, ‘উনারাতো বলল এরকমই’।
নিজাম বলেন, ‘তোমরা দেখ না…. আরও কিছু নিতে পারলে আমি ওদেরকে এনে রোহান, মীরদের কিছু একটা দিয়ে দিলাম।”
ওই যুবক তখন আর কত টাকা জানতে চাইলে নিজাম বলেন, “টেন… এটাতো বন্দর বোঝ না কেন?”
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে থাকা অবস্থায় নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে সিএমপি কমিশনারকে চিঠি দেন এক নারী।
ওই নারীর অভিযোগ ছিল দুই কোটি টাকা চাঁদা চেয়ে না পেয়ে নিজাম তার স্বামীকে পুলিশে দিয়েছেন।