২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবি, আশ্বস্ত করলেন ইউনূস

প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সদস্যসহ প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

‘সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবি, আশ্বস্ত করলেন ইউনূস
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে বড় বড় বিক্ষোভ হয়েছে। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 12:33 AM

Updated : 26 Aug 2026, 10:17 AM

সরকার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগের মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’ নামের একটি সংগঠন। 

রোববার সংগঠনের আট সদস্যের প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে দেখা করে এই কমিশন গঠন ছাড়াও মোট আট দফা দাবি তুলে ধরে। 

এই সাক্ষাতে উপদেষ্টা পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনা তদন্তে একটি ‘সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবি জানিয়েছে ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’। দাবির প্রেক্ষিতে অধ্যাপক ইউনূস তাদের আশ্বস্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সদস্যসহ প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। 

তার সরকার সংখ্যালঘুদের যে কোনো আক্রমণ এবং সহিংসতা থেকে সুরক্ষা দিতে ইতোমধ্যেই কয়েকটি ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি বলেন, “পুলিশ বাহিনী ইতোমধ্যেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং পরিস্থিতি সারা দেশে স্বাভাবিক হতে শুরু করেছে।”

সংখ্যালঘু সম্প্রদায়ের সব দাবি পূরণে তারা সর্বোচ্চ চেষ্টা করার কথা বলেন উপদেষ্টা পরিষদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্য।